অ্যাডিলেডে দুরন্ত 'ইগল'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছত্রখান হয়ে গেল অ্যান্ডারসনের স্টাম্প, বাংলাদেশ পেয়ে গেল বহুপ্রার্থিত এক জয়। শেষ উইকেটটা নিয়ে জয়ের আরেক নায়ক মাহমুদউল্লাহর সঙ্গে যেন উড়ে যেতে চাইলেন রুবেল l প্রথম আলো
ছত্রখান হয়ে গেল অ্যান্ডারসনের স্টাম্প, বাংলাদেশ পেয়ে গেল বহুপ্রার্থিত এক জয়। শেষ উইকেটটা নিয়ে জয়ের আরেক নায়ক মাহমুদউল্লাহর সঙ্গে যেন উড়ে যেতে চাইলেন রুবেল l প্রথম আলো

অ্যাডিলেড ওভালে যেন ডানা মেলল এক দুরন্ত ইগল! দুই হাত দুই দিকে প্রসারিত। শিকারের বুনো আনন্দে চোখে আগুনের লাভা। দুরন্ত ক্ষিপ্রতায় মাঠেই একটা চক্কর খেয়ে ‘ইগল’ আছড়ে পড়ল মাহমুদউল্লাহর বুকে। অনিন্দ্যসুন্দর বন্যতায়। বিজয়োল্লাসে।
‘ইগলে’র নাম রুবেল হোসেন। বিশ্বকাপে যাওয়ার কিছুদিন আগেও যাঁর ‘চোরা’ মুখ দেখা গিয়েছিল মিরপুরের বিসিবি অফিসে। রুবেলের বিরুদ্ধে আদালতে ‘প্রতারণার’ মামলা। যেকোনো সময় গ্রেপ্তার হতে পারেন, এমন পরিস্থিতি। হঠাৎ সাংবাদিকের মুখোমুখি হয়ে ঘাড় গুঁজে লুকোতে চাইলেন বিব্রতভাবে।
মাথার ওপর পাহাড়সম চাপ ছিল। সবাই যখন বিশ্বকাপের ব্যাগ গোছাতে ব্যস্ত, রুবেলের যাওয়াই হয়ে পড়ছিল অনিশ্চিত। দলের সবার সঙ্গে তাঁরও ভিসা হয়ে গেছে তত দিনে। কিন্তু আদালতে মামলা থাকায় সতর্ক হয়ে ওঠে অস্ট্রেলিয়ান হাইকমিশন। রুবেলের বিরুদ্ধে ওঠা অভিযোগের ব্যাপারে খোঁজখবর নিতে শুরু করে। দেশ ছাড়ার আগে তো এ নিয়ে হাইকমিশন কার্যালয়ে গিয়ে একটা সাক্ষাৎকারও দিয়ে আসতে হয় রুবেলকে।
শেষ পর্যন্ত আদালত থেকে জামিন পেয়ে রুবেল বিশ্বকাপে গেলেও চাপ পিছু ছাড়েনি। স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ খেলতে নেলসন যাওয়ার আগে নিউজিল্যান্ডের ইমিগ্রেশন বিভাগও নাকি অনেক খোঁজখবর করেছে তাঁর ব্যাপারে। সব বাধা পেরিয়ে সেই রুবেল এখন বাংলাদেশকে কোয়ার্টার ফাইনালে নিয়ে যাওয়ার অন্যতম নায়ক। অ্যাডিলেড ওভালের শিকারি ‘ইগল’।
বিশ্বকাপে যাওয়ার আগে বলে গিয়েছিলেন, বাংলাদেশের তো বটেই, হতে চান এই বিশ্বকাপেরই সেরা তারকা। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটা বৃষ্টিতে ভেসে গেছে। কাল পর্যন্ত হওয়া বাকি চার ম্যাচে ৬ উইকেট নেওয়া রুবেলের পক্ষে শেষ পর্যন্ত বিশ্বতারকা হয়ে ওঠা সম্ভব হবে কি না কে জানে। তবে শুধু কালকের ইংল্যান্ড ম্যাচের পারফরম্যান্সও যদি ধরেন, রুবেল নিজেকে নিয়ে গেছেন অন্য উচ্চতায়।
‘ক্রান্তিকালে’ স্নায়ুচাপকে পরাজিত করার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ব্যক্তিগত জীবনেই। কাল সেই পরীক্ষাটা মাঠে দিয়েও বিপুল নম্বর পেয়ে পাস করে গেলেন পেসার রুবেল। ইয়ান বেলকে উইকেটের পেছনে ক্যাচ দিতে বাধ্য করে ওই ওভারেই শর্ট বলে ডিপ ফাইন লেগ সীমানার কাছে সাকিবের ক্যাচ বানালেন এউইন মরগানকে। ইংল্যান্ডের কোমর অনেকটা ভেঙে গিয়েছিল তখনই। আর নিজের শেষ ওভারে তো তাদের কফিনে শেষ দুটো পেরেকই ঠুকে দিলেন রুবেল!
জয়ের জন্য শেষ ২ ওভারে ইংল্যান্ডের প্রয়োজন ছিল মাত্র ১৬ রান, বাংলাদেশের ২ উইকেট। ৪৯তম ওভার শুরু করলেন রুবেল। প্রথম বলটাই আগুনের গোলা—ঘণ্টায় ১৪২ কিমি গতির ওই বল ছত্রখান করে দিল স্টুয়ার্ট ব্রডের স্টাম্প। পরেরটা ইয়র্কার, কোনোরকমে ঠেকালেন জেমস অ্যান্ডারসন। কিন্তু তাঁর প্রতিরোধ ভেঙে পড়ল রুবেলের তৃতীয় বলেই। অ্যান্ডারসনের স্টাম্প এলোমেলো হয়ে যেতেই বুনো উল্লাসে ডানা মেলল অ্যাডিলেড ওভালের ‘ইগল’।
ব্যক্তিগত জীবনে উথালপাতাল সময় তো গেছেই, টি-টোয়েন্টি বিশ্বকাপে কাঁধে চোট পাওয়ার আগে-পরে মাঠেও একটু ছন্দহীন হয়ে পড়েছিলেন। গত বছর ফেব্রুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে হোম সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে পেলেন ৩ উইকেট। এরপর গতকালের আগ পর্যন্ত ১১টি ওয়ানডে খেলে রুবেল ২ উইকেটের বেশি পাননি কোনো ম্যাচেই। চার ম্যাচে ছিলেন উইকেটশূন্য। কে জানত, নিজেকে পূর্ণ ছন্দে ফেরাতে রুবেল বেছে নেবেন বিশ্বকাপ মঞ্চ! বিশ্বকাপ থেকে ছিটকে দেবেন ‘অভিজাত সিংহদের’!
বাংলাদেশকে বিশ্বকােপর কোয়ার্টার ফাইনালে ওঠার আনন্দে ভাসিয়েছে। সঙ্গে তিন মোড়লের অন্যতমকে বিশ্বকাপ থেকে বিদায় করে শিকারি ‘ইগল’ কাঁপিয়ে দিয়েছে ক্রিকেটের স্বঘোষিত শাসক শ্রেণির ভিতও। রুবেল তাই শুধু বাংলাদেশের জনতারই নন, অভিনন্দন পেতে পারেন আন্তর্জাতিক ক্রিকেটে শোষিত সব জাতিরই।