অ্যাডিলেডে রুদ্ধশ্বাস ড্র
অ্যাডিলেডে দুর্দান্ত এক টেস্ট ম্যাচ দর্শকদের উপহার দিল দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া। পঞ্চম দিনের শেষ বলটি পর্যন্ত দর্শকেরা অধীর আগ্রহে অপেক্ষা করেছেন টেস্টটির পরিণতি দেখার জন্য। ফ্যাফ ডু প্লেসিসের অভিষেক টেস্ট সেঞ্চুরি দ্বিতীয় ইনিংসে চরম বিপর্যয়কর পরিস্থিতি থেকে দক্ষিণ আফ্রিকাকে বের করে এনে জয় বঞ্চিত করে অস্ট্রেলিয়াকে। প্রোটিয়াদের আটটি উইকেট ফেলে দেওয়ার পরও ডু প্লেসিসের এই দুর্দান্ত শতক ও দৃঢ়তা অস্ট্রেলিয়াকে দাঁড়াতে দেয়নি জয়ের মঞ্চে। পরাজয়ের দ্বারপ্রান্তে থেকে ঘুরে দাঁড়িয়ে ম্যাচটা বাঁচানো প্রোটিয়াদের কাছে এক ধরনের জয়ই। ৪৩০ রানের বিশাল লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে চতুর্থ দিন বিকেলেই ৭৭ রানে ৪ উইকেট হারিয়ে রীতিমতো কাঁপছিল দক্ষিণ আফ্রিকা। শেষ দিন ছয় উইকেট তুলে নিলেই ম্যাচ নিজেদের করে নেওয়া যাবে—এমন লক্ষ্যে মাঠে নেমে শেষপর্যন্ত ড্র নিয়ে মাঠ ছাড়া অসিদের জন্য কিছুটা হতাশারই। পঞ্চম দিন ইনজুরির কারণে জেমস প্যাটিনসনের বল করতে না পারাটাও ছিল অস্ট্রেলিয়ার জন্য বড় ধাক্কা। তবে পিটার সিডল, বেন হিলফেনহস, নাথান লায়ন নিজেদের সর্বস্ব দিয়ে বল করে গেছেন শেষ মুহূর্ত পর্যন্ত। অধিনায়ক মাইকেল ক্লার্ক আক্রমণাত্মক ছিলেন আগাগোড়াই। জয়ের জন্য তাঁর আকূলতা ফুটে উঠছিল ফিল্ডিং সাজানোর মধ্য দিয়ে। কিন্তু ফ্যাফ ডু প্লেসিস প্রথমে এবি ডি ভিলিয়ার্স ও পরে জ্যাক ক্যালিসকে সঙ্গে নিয়ে দক্ষিণ আফ্রিকাকে এনে দেন অবিস্মরণীয় এক ড্র। ডু প্লেসিস ১১০ রানে অপরাজিত থাকেন। এবি ডি ভিলিয়ার্স ৩৩ ও ক্যালিস ৪৬ রান করেন। শেষ মুহূর্তে মরনে মরকেলের ৮ রানও দক্ষিণ আফ্রিকার জন্য গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হয়েছে। তিনি পিটার সিডলের শেষ ওভারটি পার করে দেন অসম্ভব দৃঢ়তা ও সাহসের সঙ্গে। দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার সেরা বোলার ছিরেন পিটার সিডল। তিনি ৬৫ রানে ৪ উইকেট তুলে নেন। ৩ উইকেট নেন নাথান লায়ন। বেন হিলফেনহসের ঝুলিতে যায় এক উইকেট। দক্ষিণ আফ্রিকা অ্যাডিলেড টেস্ট শেষ করে ৮ উইকেটে ২৪৮ রানে। সংক্ষিপ্ত স্কোরঅস্ট্রেলিয়া ৫৫০ (প্রথম ইনিংস)মাইকেল ক্লার্ক ২৩০, ডেভিড ওয়ার্নার ১১৯. মাইক হাসি ১১৯মরকেল ৫/১৪৬, ক্যালিস ২/১৯, স্টেইন ২/৭৯দক্ষিণ আফ্রিকা ৩৮৮ (প্রথম ইনিংস)গ্রায়েম স্মিথ ১২২, ডু-প্লেসিস ৭৮, ক্যালিস ৫৮, পিটারসেন ৫৪হিলফেনহস ৩/৪৯, লায়ন ২/৯১, ক্লার্ক ১/২২, সিডল ২/১৩০অস্ট্রেলিয়া ২৬৭/৮ (ডিক্লে, দ্বিতীয় ইনিংস)ওয়ার্নার ৪১, হাসি ৫৪মরকেল ৩/৫০, ক্লেইনভেডল্ট ৩/৬৫দক্ষিণ আফ্রিকা ২৪৮/৮ (১৪৮ ওভার)ডু প্লেসিস ১১০, ক্যালিস ৪৬সিডল ৪/৬৪(অ্যাডিলেড টেস্ট ড্র)