অ্যাডিলেডে স্ট্রাকের বদলে লিওন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অ্যাডিলেডে কাল থেকে শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়া সিরিজের চতুর্থ ও শেষ টেস্ট। ৩-০ ম্যাচে পিছিয়ে থাকা এই টেস্ট ভারতের জন্য সম্মান পুনরুদ্ধারের, দেশবাসীর জন্য ‘একটু স্বস্তি’ কুড়ানোর ম্যাচ। অন্যদিকে অস্ট্রেলিয়া যে অ্যাডিলেডে সিরিজের ফলকে ৪-০ করে ফেলার লক্ষ্যে ঝাঁপাবে—এ কথা না বললেও চলে।চতুর্থ টেস্ট শুরু হওয়ার একদিন আগে অস্ট্রেলিয়া এই ম্যাচের জন্য নিজেদের একাদশ ঘোষণা করে দিয়েছে। মিচেল স্ট্রাকের বদলে এই ম্যাচে অসি দলে খেলছেন স্পিনার নাথান লিওন। এই সংবাদে ভারতীয় দল কি কিছুটা স্বস্তি বোধ করছেন? হয়তো তা-ই, কারণ লিওনকে দলভুক্ত করায়, একটি জিনিস অন্তত পরিষ্কার, অ্যাডিলেডে আর যা-ই হোক পার্থের মতো বল অত লাফাবে না, জোরেও আসবে না। তবে সিডনি টেস্টের কথা মনে হলে এই আশা শূন্যে মিইয়ে যেতেও সময় লাগবে না। কারণ, সিডনিতেও যে উপমহাদেশ সুলভ উইকেটই পেয়েছিল ভারত।স্ট্রাক আগের ম্যাচে খুব একটা খারাপ করেননি। দুই ইনিংসেই উইকেট পেয়েছিলেন তিনি। তবে অ্যাডিলেডে স্ট্রাককে বাদ দেওয়ার নির্দিষ্ট কোনো কারণ না বললেও অসি অধিনায়ক মাইকেল ক্লার্ক বলেছেন, ‘আমরা মনে করছি অ্যাডিলেডের উইকেটে তিনজন পেসার (হ্যারিস, সিডল ও হিলফেনহস) দায়িত্ব চালিয়ে নিতে পারবেন। এই উইকেটে একটা পর্যায়ে রিভার্স সুইং খুব ভালো একটা ভূমিকা নিতে পারে।’ ভারত এখনো নিজেদের একাদশ ঘোষণা করেনি। তবে ধীর ওভার রেটের কারণে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি এই ম্যাচে বহিষ্কৃত হয়েছেন। তাঁর বদলে বীরেন্দর শেবাগ মাইকেল ক্লার্কের সঙ্গে টস করতে নামবেন। একাদশ ঘোষণা না হলেও ধোনি যেহেতু খেলবেন না, সেহেতু দ্বিতীয় উইকেট রক্ষক ঋদ্ধিমান সাহার খেলাটা একপ্রকার নিশ্চিতই। একই সঙ্গে ভিভিএস লক্ষণের বদলে রোহিত শর্মারও খেলার যথেষ্ট সম্ভাবনা আছে।অ্যাডিলেড টেস্টের জন্য অস্ট্রেলীয় একাদশ: মাইকেল ক্লার্ক, রিকি পন্টিং, মাইক হাসি, ডেভিড ওয়ার্নার, এড কাওয়ান, বেন হিলফেনহস, পিটার সিডল, রায়ান হ্যারিস, শন মার্শ, নাথান লিওন ও ব্র্যাড হাডিন।