অ্যাডিলেডেও কথার উত্তাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অ্যাশেজে উত্তাপ ছড়ানো আরেকটি মুহূর্ত, ঠোকাঠুকি হয়ে গেল বেন স্টোকস ও মিচেল জনসনের মধ্যে। কাল অ্যাডিলেডে  রয়টার্স
অ্যাশেজে উত্তাপ ছড়ানো আরেকটি মুহূর্ত, ঠোকাঠুকি হয়ে গেল বেন স্টোকস ও মিচেল জনসনের মধ্যে। কাল অ্যাডিলেডে রয়টার্স

মাঠের ক্রিকেট আর মুখের কথা মিলিয়ে ব্রিসবেন ছিল অগ্নিগর্ভ। কিন্তু অ্যাডিলেডে ঝাঁজ সীমাবদ্ধ ছিল শুধু মাঠের ক্রিকেটেই। ক্লার্ক-হাডিন-ওয়ার্নারের ব্যাটই শুধু চলেছে তিন দিন, মুখ নয়। মিচেল জনসনও তোপ দেগেছেন বল হাতে, কথায় নয়। তবে বাঁধ ভেঙে গেছে কাল। বেন স্টোকসের সঙ্গে ভালোই বেধে গেল জনসনের। রায়ান হ্যারিস, পিটার সিডলরাও যোগ দিলেন। কথার তোপ সামলাতে হয়েছে জো রুটকেও। আর দিনের শেষটা হলো ব্রড-জনসনের কথার লড়াইয়ে।

শুরুটা হয়েছিল একটা দুর্ঘটনা থেকে। স্টোকস একটি রান নেওয়ায় সময় ধাক্কা লাগে (নাকি ধাক্কা মারেন!) বোলার জনসনের সঙ্গে। জনসনও তেড়ে যান। প্রায় নাকে নাক ঘেঁষে মুখোমুখি হন দুজন। আম্পায়ার কুমার ধর্মসেনা সে যাত্রা মাঝখানে দাঁড়িয়ে আলাদা করেন দুজনকে। তবে ধর্মসেনা থামাতে পারেননি কথার যুদ্ধ। হ্যারিস বোলিংয়ে এসেও ছাড়েননি স্টোকসকে। আরেক প্রান্তের ব্যাটসম্যান রুটকেও হজম করতে হয়েছে স্লেজিং। স্টোকসকে পরে ফিরিয়েছেন হ্যারিস। নতুন ব্যাটসম্যান স্টুয়ার্ট ব্রড আসার পর তা সোনায় সোহাগা। পুরোনো শত্রুকে নতুন করে স্লেজিং করেছেন অস্ট্রেলিয়ানরা। জবাব দিয়েছেন ব্রডও। দিনের খেলা শেষে ড্রেসিংরুমে ফেরার সময়ও ‘শুভেচ্ছা বিনিময়’ করতে দেখা গেছে ব্রড-জনসনকে।

তবে ব্রিসবেনের মতো বিতর্ক সম্ভবত ছড়াচ্ছে না অ্যাডিলেডের স্লেজিং-গাথা। মাঠের উত্তাপ এবার মাঠের বাইরে আনতে অনাগ্রহী দুই দলই। কাল দিন শেষে সংবাদ সম্মেলনে তরুণ ইংলিশ ব্যাটসম্যান জো রুটও যেমন ভালোভাবেই সামাল দিলেন স্লেজিং প্রসঙ্গ, ‘আমার মনে হয়নি খুব বেশি কিছু হয়েছে মাঠে। সবাই চায় কঠিন ক্রিকেট খেলতে। আর এটা অ্যাশেজের লড়াই, এমন কিছু প্রত্যাশিতই। ঝাঁজ কিছু না থাকলেই বরং সেটা হতাশার। এসব ক্রিকেটকে আরও বিনোদন জোগায়। মাঠে এসবের অংশ হওয়াটাও ভালো অভিজ্ঞতা।’

দীর্ঘ সময় উইকেটে ছিলেন বলে সবচেয়ে বেশি স্লেজিংয়ের শিকার হতে হয়েছে তাঁকেই। রুট কিন্তু সেটি উপভোগই করেছেন, ‘ওরা আমাকে আউট করার একটা উপায় খুঁজছিল। শুধু অস্ট্রেলিয়া নয়, যেকোনো দলই এ রকম করত বলে আমার ধারণা। এই লড়াই খারাপ কিছু নয়। এমন লড়াইয়ে জড়াতেই বরং আমার ভালো লাগে...এটাই তো অ্যাশেজ!’

মাঠের ভেতরের ব্যাপার বাইরে আনতে চাইলেন না অস্ট্রেলিয়ান পেসার পিটার সিডলও, ‘মোটেও খুব বেশি কথা হয়নি মাঠে। এমন নয় যে ক্রিকেট ইতিহাসে এর চেয়ে বেশি কিছু দেখা যায়নি। মাঠে ছিলাম বলেই বলতে পারি, বাড়াবাড়ি হয়নি। যা হয়েছে, সেটাকে আমি মাঠেই রেখে আসতে চাই।’ এএফপি।