অ্যাডিলেডেও কোনো ছাড় নয়: ক্লার্ক
সিরিজের তিনটি টেস্টে ভারতকে একপ্রকার উড়িয়েই দিয়েছে অস্ট্রেলিয়া। সিরিজও জিতে নিয়েছে এরই মধ্যে। অ্যাডিলেডের শেষ টেস্ট ম্যাচটিতে বিধ্বস্ত, ধ্বংসপ্রায় ভারতীয় দল যদি অসিদের কাছ থেকে একটু ছাড় আশা করে, তাহলে সেটা একটু বাড়াবাড়িই হবে। অস্ট্রেলীয় অধিনায়ক মাইকেল ক্লার্ক সাফ জানিয়ে দিয়েছেন, ছাড়ের তো প্রশ্নই নেই, উল্টো অ্যাডিলেডে ভারতকে আরও বাজেভাবে হারানোর চেষ্টায় নামবে তাঁর দল।যেহেতু অস্ট্রেলিয়া সিরিজ জিতে গেছে, তাই অনেকেই অ্যাডিলেডের এই লড়াইটিকে ‘মৃত লড়াই’ হিসেবে অভিহিত করতে চাচ্ছেন। কিন্তু মাইকেল ক্লার্ক বলেছেন, ‘আমার কাছে কোনো লড়াইই মৃত নয়। তিনটি টেস্ট জিতে আমরা অনেক কিছু করে ফেলেছি, ভাবলে ভুল হবে। আমরা সদ্যই বিশ্বের দ্বিতীয় শীর্ষ টেস্ট দলকে তিনটি ম্যাচে হারিয়েছে। আরেকটি ম্যাচে হারাতে পারলে এই ব্যবধান ৪-০ হবে। আমাদের এখনো অনেক কাজ বাকি রয়ে গেছে।’মাইকেল ক্লার্ক নিজেদের লক্ষ্যের বর্ণনা দিয়ে বলেন, ‘অস্ট্রেলিয়ার লক্ষ্য আবারও বিশ্বের এক নম্বর ক্রিকেট দল হওয়া। ওই এখনো অর্জন করতে পারিনি আমরা। প্রতিটি ম্যাচেই আমরা জিততে চাই।’পার্থ টেস্টের ব্যবচ্ছেদ করতে গিয়ে ক্লার্ক বলেন, ‘পার্থে আমাদের দুই ওপেনার দুর্দান্ত খেলেছে। ২১৪ রানের এই জুটি যেকোনো অধিনায়ককেই আনন্দিত করত। আমি এর ব্যতিক্রম নই। তবে ডেভিড ওয়ার্নারের ইনিংসটির ছায়া ঢেকে দিয়েছে এড কাওয়ানের ইনিংসটি। ওটাও ছিল অসাধারণ এক ইনিংস।’বোলারদের প্রশংসা করে ক্লার্ক বলেন, ‘তারা ভারতকে দুবার অলআউট করে আমাদের জয়ে অনবদ্য অবদান রেখেছে। এখন লক্ষ্য আমাদের অ্যাডিলেডেও ভারতকে বিধ্বস্ত করে দেওয়া।’ ওয়েবসাইট।