আরেকটি অ্যাশেজ টেস্ট। আরেকবার মিচেল জনসন। আবারও জ্বলেপুড়ে খাক ইংল্যান্ড। জনসনের আগুনে বোলিংয়েই অ্যাডিলেড টেস্টটাও কাল হাতের মুঠোয় নিয়ে নিয়েছে অস্ট্রেলিয়া। পরাজয়ের ক্ষণ গোনা ইংল্যান্ডকে বোধ হয় বিখ্যাত ‘ভস্মাধার’টা এবার ফিরিয়েই দিতে হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বীদের।
৪০ রানে ৭ উইকেট, ইংল্যান্ডের বিপক্ষে ব্যক্তিগত সেরা বোলিংটা কালই হলো জনসনের। এই ৭ উইকেটের শেষ ৬টিই নিয়েছেন ২৬ বলের অসাধারণ এক স্পেলে, যার জন্য রান খরচ হয়েছে মাত্র ১৬টি। জনসনে পুড়ে মাত্র ১৭২ রানেই অলআউট ইংল্যান্ড। প্রথম ইনিংসে ৩৯৮ রানের বিশাল ব্যবধানে পিছিয়ে পড়া ইংল্যান্ডকে আবার ব্যাটিংয়ে নামতে হয়নি মাইকেল ক্লার্ক বোলারদের বিশ্রাম দিতে চাওয়ায়। ফলোঅন না করিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করে অস্ট্রেলিয়া এগিয়ে গেছে ৫৩০ রানে।
জনসনের দুর্দান্ত পেস ও বাউন্সের মুখে ইংলিশ ব্যাটসম্যানরা রীতিমতো অসহায় ছিলেন। ধরতে গেলে বিনা যুদ্ধেই আত্মসমর্পণ। ব্যতিক্রম মাত্র দুজন—ইয়ান বেল ও মাইকেল কারবেরি। পাঁচে নেমে ৭২ রানে অপরাজিত থাকেন বেল। বেলের সঙ্গে চতুর্থ উইকেটে ৪৫ রান যোগ করা ওপেনার কারবেরির অবদান ৬০। বাকি ব্যাটসম্যানদের মিলিত অবদান ৩২ রান।
কাল দু-দুবার হ্যাটট্রিকের সামনে দাঁড়ানো জনসন দুই টেস্টেই পেয়ে গেছেন ১৬ উইকেট। প্রথম চার ব্যাটসম্যানকে হারিয়ে ইংল্যান্ড লাঞ্চ বিরতিতে যায় ১১৬ রানে। লাঞ্চ সেরে ফিরে ইংলিশরা খাদ্য হলেন বাঁহাতি পেসারের। প্রথম ওভারটায় কোনো রান না পেলেও টিকে গিয়েছিলেন বেল। ধ্বংসযজ্ঞের শুরু পরের ওভারে, যাতে হ্যাটট্রিক না হলেও তুলেছেন ৩ উইকেট। নাটক হয়েছে প্রথম বলেই। টেস্ট অভিষিক্ত বেন স্টোকসের বিপক্ষে এলবিডব্লুর বেশ জোরালো আবেদন করেন জনসন। আম্পায়ার ইরাসমাস আমলে নেননি প্রথমে। বলটা চলে গিয়েছিল পয়েন্টে, ওভার থ্রো থেকে ৪ রানও পেয়ে যায় ইংল্যান্ড। কিন্তু রিভিউ নিয়েই উইকেটটা পেয়ে যান জনসন। পঞ্চম বলে ম্যাট প্রায়রকে হাডিনের ক্যাচ বানিয়ে পরের বলেই বোল্ড করেন ব্রডকে। পরের ওভারে হ্যাটট্রিকটা ঠেকালেও গ্রায়েম সোয়ানই পরের শিকার জনসনের। ক্লারি গ্রিমেটকে ছাড়িয়ে টেস্টে অস্ট্রেলিয়ার দশম সর্বোচ্চ উইকেটশিকারি বনে যাওয়া জনসন পরের ওভারে টানা দুই বলে ফেরান সোয়ান ও অ্যান্ডারসনকে। ৩৭ রান পর যন্ত্রণা হয়ে ওঠা ইংল্যান্ডের শেষ উইকেটটিও তুলে নেন জনসন।
ইংল্যান্ডকে এই ম্যাচ বাঁচাতে হলে অসম্ভবকে সম্ভব করতে হবে। ইয়ান বেল অন্তত ভাবছেন, “এই ম্যাচটা ‘বাঁচানো সম্ভব’, তবে কাউকে অবিশ্বাস্য ইনিংস খেলতে হবে।” আসলে সম্ভব? জনসনের আগুন যেমন দেখছেন, তেমনি নিজেদের আগের তিন ইনিংসের ব্যর্থতারও যে সাক্ষী বেল! এএফপি, ওয়েবসাইট।