অ্যাথলেটিকস কখনোই ডোপমুক্ত হবে না!
বিশ্ব অ্যাথলেটিকসকে ডোপমুক্ত করতে কত চেষ্টা, কত আইন, বিধিনিষেধই না আরোপ করা হচ্ছে। কিন্তু মাইকেল জনসন মনে করেন সব চেষ্টা-তদবিরই বিফলে যাবে। অ্যাথলেটিকসকে কখনো ডোপ কলঙ্কমুক্ত করা যাবে না।
চারটি অলিম্পিক সোনাজয়ী যুক্তরাষ্ট্রের সাবেক এই অ্যাথলেটকে মনে করা হয় অ্যাথলেটিকসের বিশুদ্ধতার প্রতীক। চরম শত্রুদেরও কখনো বলতে শোনা যায়নি, জনসন অন্যায় কিছু করেছেন। গোলস সামিটে অংশ নিতে কাতারের দোহায় এসে কাল শিনহুয়াকে যুক্তরাষ্ট্রের কিংবদন্তি বলেছেন, ‘ডোপের ব্যাপারে শূন্যসহনশীলতা নীতি অ্যাথলেটিকসের। আর এ কারণেই আমরা ভুগছি। কারণ যখন থেকে আমরা অন্য খেলার চেয়ে অ্যাথলেটিকসে এটা বেশি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি, এই কলঙ্কিত ঘটনা আরও বাড়ছে এবং বেশি মানুষ এতে জড়িয়ে পড়ছে।’
৪৬ বছর বয়সী সাবেক অ্যাথলেট আরও যোগ করেছেন, ‘কখনোই প্রতারণামুক্ত থাকবে না এই সত্যটা নিয়েও অ্যাথলেটিকস আমাদের সত্যিকার জীবনেরই একটা অংশ এবং সত্যিকার জীবনে সব সময়ই আপনার পাশে প্রতারক থাকবে। অ্যাথলেটিকসকে ডোপমুক্ত করার প্রত্যাশাটা অবাস্তব।’
তবে তরুণদের অ্যাথলেটিকসে অনুপ্রাণিত করতে উসাইন বোল্টের উদ্যোগকে ঠিকই প্রশংসা করেছেন জনসন। ওয়েবসাইট।