অ্যাথলেটিকস-ক্রিকেট শুরু আজ
গেমসের সবচেয়ে আকর্ষণীয় খেলা অ্যাথলেটিকস। বাংলাদেশ গেমস অ্যাথলেটিকস শুরু হয়ে যাচ্ছে আজই। তবে বাংলাদেশের অ্যাথলেটিকস এখন জৌলুশহীন। তাই এ নিয়ে তেমন সাড়াও মিলছে না বঙ্গবন্ধু স্টেডিয়ামপাড়ায়। যথারীতি অন্য প্রতিযোগিতার মতো এই বাংলাদেশ গেমস অ্যাথলেটিকসেও চোখ নাজমুন নাহার বিউটির ওপর। বেশ কয়েক বছর ধরেই দেশের দ্রুততম মানবীর বিশ্বাস, শ্রেষ্ঠত্ব ধরে রাখবেন এবারও। আজ পুরুষ-মহিলা দুই বিভাগেই ২০০ মিটার সিপ্রন্টের ফাইনাল।বিউটি ২০০ মিটারেও ফেবারিট। বললেন, ‘যাদের বিপক্ষে আগে ২০০ মিটারে জিতেছিলাম, এবারও তারাই প্রতিদ্বন্দ্বী। কাজেই আশা করি এবারও জিতব।’এবারই গেমসে যোগ হওয়া ক্রিকেটও আজ মাঠে নামছে। ক্রিকেট নিয়ে এই কদিন নানা রঙ্গ হয়েছে। শেষ খবর হলো, ম্যাচ খেলার জন্য খেলোয়াড়দের টি-শার্ট দিচ্ছে বিসিবি। কিন্তু সময়ের অভাবে ট্রাউজার দিতে পারছে না। ওগুলো সরবরাহ করার জন্য শেষ মুহূর্তে কেউ কার্যাদেশ নেয়নি বলে জানা গেছে। কাজেই ট্রাউজারের ব্যবস্থা করতে হবে খেলোয়াড়দেরই।গেমস আয়োজন করছে বিওএ, অথচ তারা ক্রিকেটের কোনো দায়িত্বই নেয়নি। টাকা তো দিচ্ছেই না, এখন পোশাক নিয়েও বেধেছে সমস্যা। বিসিবির ওপর সব চাপিয়ে দিয়েছে বিওএ। কাল শোনা গেল, অনুশীলনের জন্য বলও নাকি নেই। যদিও স্টিয়ারিং কমিটির প্রধান হারুনুর রশিদের দাবি, ক্রিকেটের ব্যাপারে বিসিবিরই সবদিক দিয়ে সহযোগিতা করার কথা। ৭টি বিভাগীয় দল ও ঢাকা মেট্রো খেলছে টি-টোয়েন্টি প্রতিযোগিতায়। খেলা হচ্ছে বগুড়ায়। আজ দুটি ম্যাচ, খুলনা-বরিশাল ও ঢাকা-রংপুর।