অ্যাথলেটিকস দেখবেন না ইসিনবায়েভা
চার বছরের তৃষিত অপেক্ষা এই উপলক্ষের জন্য। অলিম্পিক বলে কথা! কিন্তু ইয়েলেনা ইসিনবায়েভা রিও অলিম্পিকে নেই। একজন দর্শকের চোখেই তাঁকে খেলা দেখতে হবে, সেটিও টেলিভিশনের পর্দায়। ডোপ কেলেঙ্কারির জন্য ট্র্যাক অ্যান্ড ফিল্ড থেকে নিষিদ্ধ হয়েছে রাশিয়া। পোল ভল্টের রানি জানিয়েছেন, অ্যাথলেটিকস তিনি দেখবেন না।
রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ডোপ নেওয়ার দায়ে রিও অলিম্পিকে পুরো রাশিয়া দলটিরই নিষিদ্ধ হওয়ার আশঙ্কা ছিল। শেষ পর্যন্ত সেটা হয়নি, শুধু অ্যাথলেটিকসেই নিষিদ্ধ হয়েছে রাশিয়া। পোল ভল্টে দুবারের সোনাজয়ী ইসিনবায়েভারও তাই কপাল পুড়েছে। কাল অলিম্পিকযাত্রী রাশিয়া দলকে বিদায় জানাতে এসেছিলেন মস্কোর রেড স্কয়ারে। পরে রাশিয়ান সংবাদ সংস্থা তাসকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, ‘আমি অবশ্যই আমার দেশের জন্য গলা ফাটাব। আমাদের সঙ্গে যেটা হয়েছে, সেটা আমাদের সবাইকে ঐক্যবদ্ধ করেছে। আমি অলিম্পিক দেখব, শুধু ট্র্যাক অ্যান্ড ফিল্ড ছাড়া।’ মেইল অনলাইন।