অ্যাথলেটিকসকে আইএএএফের চিঠি
হঠাৎ করে একটি ই-মেইল পেয়ে নড়েচড়ে বসেছে বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশন। ৭ মার্চ আন্তর্জাতিক অ্যাথলেটিকস ফেডারেশন (আইএএএফ) চিঠি দিয়ে বলেছে, দ্রুতই যেন বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশন তাদের গত দুই বছরের কার্যক্রম ও বার্ষিক প্রতিবেদন পাঠায় বিশ্ব অ্যাথলেটিকসের অভিভাবক সংস্থার কাছে।
চিঠিতে বলা হয়েছে, ২০১৬ সালের শুরু থেকে বারবার যোগাযোগ করেও কোনো সাড়া পাওয়া যায়নি বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের। ২০১৬ সালের ৩১ মার্চের মধ্যে আগের বছরের বার্ষিক প্রতিবেদন পাঠানোর কথা ছিল। সেটি না পাঠানোয় সময়সীমা কয়েক দফা বাড়ানোও হয়। ৩ মে ছিল প্রতিবেদন পাঠানোর শেষ সময়। এরপরও বাংলাদেশ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এমনকি ৬ ফেব্রুয়ারি বর্তমান কমিটির মেয়াদ শেষ হওয়ার বিষয়টিও জানানো হয়নি আইএএএফকে। শুধু তা-ই নয় গত বছর কোনো মহাদেশীয় বা বৈশ্বিক অ্যাথলেটিকস সিরিজেও অংশ নেয়নি বাংলাদেশ। এ কারণে বাংলাদেশের সঙ্গে আইএএএফের সম্পর্কটা এখন ‘ভালো’ অবস্থায় নেই। তাই দ্রুতই এসব প্রতিবেদন মোনাকোতে আইএএএফের সদর দপ্তরে পাঠাতে বলা হয়েছে।
যদিও বর্তমানে আনুষ্ঠানিকভাবে কোনো কমিটির অস্তিত্বই নেই ফেডারেশনে। গত ২৮ ফেব্রুয়ারি কার্যনির্বাহী কমিটির সব সদস্য সভাপতি আলী কবিরের কাছে পদত্যাগ করেছেন। তারপরও বিদায়ী সাধারণ সম্পাদক ইব্রাহিম চেঙ্গিস এই প্রতিবেদন দ্রুতই পাঠানোর ব্যবস্থা করবেন বলে কাল জানালেন, ‘আমি নিজে কম্পিউটার ব্যবহার করতে পারি না। অফিস সেক্রেটারিকে দিয়ে প্রতিবেদনগুলো পাঠিয়েছিলাম যথাসময়েই। কিন্তু কোনো কারণে হয়তো সেটা তারা হাতে পায়নি। তবে আবারও তা পাঠানোর ব্যবস্থা করছি।’