অ্যাথলেটিকসে এসব কী হচ্ছে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের অ্যাথলেটিকস অনেক আগেই গৌরব হারিয়েছে। বছরে দু-তিনটি গতানুগতিক মিট, নতুন কিছু করার বাড়তি উদ্যোগ নেই। অ্যাথলেটদের পারফরম্যান্সের ধারায় ক্রমাবনতি। অথচ এসব নিয়ে কোনো মাথাব্যথা নেই ফেডারেশন কর্তাদের। ক্ষমতা ধরে রাখার জন্য একে অপরের বিরুদ্ধে অভিযোগ আর পাল্টা অভিযোগের তীর ছুড়তেই ব্যস্ত কর্মকর্তারা।গত ২৩ জুলাইয়ের সভায় ফেডারেশনের সাধারণ সম্পাদক শাহ আলমের বিপক্ষে অনাস্থা প্রকাশ করেছেন ২৭ সদস্যের কমিটির তিন সহসভাপতি, একজন যুগ্ম সম্পাদক, কোষাধ্যক্ষ ও ১৩ জন নির্বাহী সদস্য। বৈঠকটা ছিল সামার মিট আয়োজন নিয়ে। কিন্তু সেখানেই উঠে যায় অনাস্থা প্রস্তাব। এতে ঘণ্টা তিনেকের ওই সভায় বিব্রত বোধ করেন সরকার মনোনীত সভাপতি এ এস এম আলী কবির। তবে তিনি প্রথম আলোকে জানান, ‘অনাস্থা প্রস্তাব ওঠেনি। কিছু বিষয় নিয়ে সদস্যদের মধ্যে তর্কবিতর্ক হয়েছে। এই বিষয়গুলো আমরা তদন্ত করে দেখছি।’নির্বাহী সভার আলোচনার একপর্যায়ে ফেডারেশনের আয়-ব্যয়ের হিসাব ও অব্যবস্থাপনা নিয়ে অভিযোগ করেন অভ্যন্তরীণ অডিট কমিটির প্রধান আলী ইমাম (তপন)। তাঁর অভিযোগ, গত ২০ মাস এই কমিটি দায়িত্ব নেওয়ার পর থেকে আয়-ব্যয়ের হিসাব দেওয়া হয়নি। এসএ গেমসের সময় অ্যাথলেটিকস ট্র্যাকের ইলেকট্রনিকস স্কোরবোর্ড চালানোর জন্য কেনা দুটি ল্যাপটপই খোয়া গেছে বলে জানান তিনি। এ ব্যাপারে থানায় একটা সাধারণ ডায়েরি পর্যন্ত করা হয়নি। এগুলোকে ফেডারেশন সম্পাদকের দায়িত্বহীনতার পরিচয় বলে উল্লেখ করে তিনি বলেন, ‘ল্যাপটপ হয়তো কেনা যাবে, কিন্তু ওর মধ্যে থাকা মূল্যবান সফটওয়্যার তো পাওয়া যাবে না।’ নিয়ম ভেঙে অর্থের বিনিময়ে দুই অ্যাথলেটিকস কর্মকর্তা মঈন উদ্দিন ও পৃথ্বিশ চন্দ্রকে ইন্দোনেশিয়ায় প্রশিক্ষণে পাঠানোর ব্যাপারেও অভিযোগ ওঠে ওই সভায়। অবশ্য এসব অভিযোগ অস্বীকার করে ফেডারেশনের সাধারণ সম্পাদক শাহ আলম জানান, ‘এগুলো আমার বিরুদ্ধে ষড়যন্ত্র। সব আয়-ব্যয়ের হিসাবের কাগজপত্র আমার কাছে আছে। শুধু এসএ গেমসের সময় পরিবহন খাতে যে খরচ হয়েছে ওই বিলগুলো এখনো আমি হাতে পাইনি। এটি পেলেই অলিম্পিক অ্যাসোসিয়েশনে তা পাঠিয়ে দেব।’ ইন্দোনেশিয়ায় প্রশিক্ষণে পাঠানো কর্মকর্তাদের ব্যাপারে বলেন, ‘মাত্র ২০ হাজার টাকা নিয়ে তাঁদের বিদেশ পাঠিয়েছি, এটা তো হাস্যকর ব্যাপার। এক-দুই লাখ টাকা হলে সেটা হয়তো মানা যেত। আসলে আমাকে হেয় করতে একটা পক্ষ উঠেপড়ে লেগেছে।’