অ্যাথলেটিকসে রকমারি ছবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু স্টেডিয়ামে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলেই নানা রকম ছবি চোখে পড়ছে। কেউ হাতে ফুল আর গলায় পদক নিয়ে ঘুরছেন হাসিমুখে। এই দলে নতুনের আবাহন বাংলাদেশের অ্যাথলেটিকসের জন্য যেন আশার বার্তাই ছড়াচ্ছে। কেউ অনেক বছর ধরে নিজেকে সেরার আসন ধরে রেখে পরিতৃপ্ত। তাঁদের পাশে পুরোনো কারও কারও বিষণ্ন পায়চারি, ‘হলো না এবার।’খেলার জগৎটাই এমন। নতুনরা আসবে, পুরোনোদের নিতে হবে বিদায়। সেই ধারায় সর্বশেষ নবীন মাসুদ খান। খুলনার খালিশপুরের ২৫ বছরের তরুণ জিতে নিয়েছেন ১১০ মিটার হার্ডলস। মাসুদ প্রথমেই নজর কাড়েন ছয় ফুট তিন ইঞ্চি উচ্চতার জন্য। সাধনা তো আছেই।হার্ডলার হওয়ার স্বপ্ন দেখা যখন শুরু, বাড়ি থেকে একটু দূরে অনুশীলন করতেন দীঘলিয়ায়। কাঠ দিয়ে হার্ডলস বানিয়েছেন, তারপর নিরন্তর সাধনা। সেটিরই পুরস্কার পেলেন কাল, ‘অনেক কষ্ট করেছি। ফলও পেলাম আজ। কোচ মুরাদুল ইসলাম অনেক সাহায্য করেছেন। না হলে এত দূর হয়তো আসতে পারতাম না।’মেয়েদের ১০০ মিটার হার্ডলসে যথারীতি সুমিতা রানী দাসই সেরা। বাংলাদেশ জেল দলের একমাত্র অ্যাথলেট হিসেবে খেলেছেন সুমিতা। যদিও এই বাংলাদেশ গেমস শুরুর কদিন আগে বলেছিলেন ‘কী করব জানি না, ভয় লাগছে’। কিন্তু কাল সব ভয় জয় করে শ্রেষ্ঠত্ব ধরে রাখলেন ঠিকই। মেয়েদের হার্ডলসে অপ্রতিদ্বন্দ্বী মর্যাদাটা অক্ষুণ্ন থাকল।হুমায়ন কবির, শফিকুল ইসলামদের কীর্তি তো আরও বড়। একেকটা প্রতিযোগিতা আসে, নৌবাহিনীর এই দুই অ্যাথলেট নীরবে সোনা নিয়ে ঘরে ফেরেন। প্রথমজন টানা ১৮ বছর পোলভল্টে সেরা, দ্বিতীয়জন হাঁটায় দেশসেরা ১৬ বছর ধরে।বয়স তাঁদের পেছনে টানতে পারেনি। সাফল্যের ধারাবাহিকতায় কালও নিজ নিজ ইভেন্টে সোনা জিতেছেন এই দুজন। হুমায়নের চোখে তো খুশির নাচন, ‘১৯৯৫ সালে জাতীয় প্রতিযোগিতায় প্রথম সোনা পেয়েছিলাম। তারপর প্রতিটি আসরেই আমি সেরা।’১৯৯৯ সালে ৪.৩৫ মিটার পেরিয়ে গড়েছিলেন জাতীয় রেকর্ড। কাল হুমায়ন পেরোলেন ৪.১৫ মিটার। শফিকুলও পেরিয়ে এসেছেন সেরা সময়টা, তাই নিজের গড়া রেকর্ডের চেয়েও এবার ৭ মিনিট বেশি লেগেছে। তবু তিনি খুশি, ‘১৯৯৭ সালে প্রথম সোনা পাই। তারপর বিরতিহীনভাবে চলছে। এখনো দুই বেলা অনুশীলন করি।’এই খেলোয়াড়দের চেয়েও ‘প্রবীণ’ সেনাবাহিনী থেকে সদ্য অবসরে যাওয়া আজহারুল ইসলাম। এই গেমসেও ডিসকাস থ্রোতে সোনা জেতার আশা ছিল। কিন্তু সোনা জিতে নিয়েছেন সেনাবাহিনীরই নতুন মুখ কমল কান্তি রায়। আজহারুল পেয়েছেন ব্রোঞ্জ।‘১৮ বছর পর আজ হেরে গেলাম’ বলে পরক্ষণেই প্রতিজ্ঞাবদ্ধ আজহারুল, ‘আমি খেলা ছাড়ছি না, সোনা উদ্ধার করব ইনশা আল্লাহ।’ মহিলা ডিসকাস থ্রোতে ‘বর্ষীয়ান’ জোছনা আফরোজও হেরে গেছেন বিকেএসপির জাফরিন আক্তারের কাছে। তার মানে, বাংলাদেশ গেমস দেখছে ইন্দ্রপতনও!অ্যাথলেটিকসে কালকের অন্য ইভেন্টগুলোর মধ্যে মহিলা লং জাম্পে সোনা জিতেছেন আনসারের নূরজাহান মল্লিক, ট্রিপল জাম্পে বিকেএসপির মেজবাহ আহমেদ, ৩০০০ মিটার দৌড়ে বিজেএমসির রওশন আরা, ১০ হাজার মিটার দৌড়ে সেনাবাহিনীর জামরুল ইসলাম, ৪০০ মিটার দৌড়ে জিতেছেন সেনাবাহিনীর মারুফ হোসেন।২০০ মিটারের পর ৪০০ মিটারেও সবার আগে শেষ করে ‘ডাবল’ জিতেছেন বিকেএসপির জাকিয়া সুলতানা।