অ্যাথলেটিকসের সাধারণ সম্পাদককে বহিষ্কার
গঠনতন্ত্রবিরোধী কার্যক্রম, ফেডারেশনের ভাবমূর্তি ক্ষুণ্ন করা, সভাপতি ও কার্যকরী কমিটির সিদ্ধান্ত উপেক্ষা এবং শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে অ্যাথলেটিকস ফেডারেশনের নির্বাচিত সাধারণ সম্পাদক শাহ আলমকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। যুগ্ম সম্পাদক (১) এবং প্রিন্টিং ব্যবসায়ী মনজুর মোরশেদকে করা হয়েছে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক। কাল ফেডারেশনের বার্ষিক সাধারণ সভায় কাউন্সিলরদের দুই-তৃতীয়াংশ সদস্যের সম্মতিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সভাপতি এ এস এম আলী কবির। যদিও জানা গেছে, ৯৮ জন কাউন্সিলরের দুই-তৃতীয়াংশ সদস্য এই সভায় উপস্থিত ছিলেন না। শাহ আলমের দাবি, ৪২ জন উপস্থিত ছিলেন বলেই এই সিদ্ধান্তের কোনো ভিত্তি নেই।গঠনতন্ত্র অনুসারে চার বছর মেয়াদি কার্যনির্বাহী কমিটির কার্যকালে অন্তত দুটি সাধারণ সভা করার নিয়ম। ২০০৮ সালে এই কমিটি নির্বাচিত হওয়ার পর মাস ছয়েকের মধ্যে সাধারণ সভা করার কথা থাকলেও সেটি এ পর্যন্ত হয়নি বলে জানালেন সভাপতি। তাঁর অভিযোগ, বেশ কয়েকবার তাগাদা দেওয়া সত্ত্বেও সাধারণ সম্পাদক এই সভা করতে গড়িমসি করেন। সাধারণ সভার তারিখ ঘোষণা করে কাউন্সিলরদের চিঠি দেওয়া হলেও এই সভা স্থগিত করতে আরেকটি চিঠি কাউন্সিলরদের পাঠান সাধারণ সম্পাদক। শাহ আলমের বিরুদ্ধে আনা হয়েছে আর্থিক অনিয়মের অভিযোগ। সাফ গেমসের সময় চুরি যাওয়া ল্যাপটপ উদ্ধারের ব্যাপারেও। ফেডারেশনের সহসভাপতি এবং টাঙ্গাইল জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আলী ইমাম তপন শাহ আলমের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ এনে বলেছেন, ‘আমি ফেডারেশনের অভ্যন্তরীণ অডিট কমিটির চেয়ারম্যান। কিন্তু আমি এখনো জানতে পারিনি, কত টাকা ব্যয় হয়েছে এসএ গেমসে।’ তবে সব অভিযোগ অস্বীকার করেছেন শাহ আলম, ‘আমি কোনো আর্থিক অনিয়ম বা দুর্নীতি করিনি। যে কেউ চাইলে ফেডারেশনে এসে অডিট রিপোর্ট দেখতে পারেন। আমার বিরুদ্ধে আনা এসব অভিযোগ মিথ্যা, ভিত্তিহীন। একটি মহল আমাকে ফেডারেশন থেকে সরানোর ষড়যন্ত্র করছে। সভাপতি মহোদয়কে ভুল বুঝিয়ে বিপথে নিয়ে যাওয়া হচ্ছে। আমি হজে গিয়েছিলাম, এই ফাঁকে কিছু সদস্য ষড়যন্ত্র করে আমাকে কোণঠাসা করার চেষ্টা করেছেন।’