অ্যানটিচের শাস্তি
এবার বিশ্বকাপে রেফারির সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ অনেক কোচই করেছেন। কিন্তু সার্বিয়ার রাদোমির অ্যানটিচের আচরণটা বাড়াবাড়ি হয়ে গিয়েছিল বলে মনে করছে ফিফা। অস্ট্রেলিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচের পর ‘অনুপযুক্ত আচরণ’ করেছিলেন বলে উল্লেখ করে ফিফা অ্যানটিচকে চার ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে। সঙ্গে ১৪ হাজার সুইস ফ্রাঁ জরিমানাও করা হয়েছে। সার্বিয়া বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে দুই সপ্তাহের বেশি সময় আগে। কিন্তু বিদায়ী ম্যাচের পরই কোচ অ্যানটিচ তাঁর ক্ষোভ প্রকাশ করেছিলেন রেফারির ওপর। অ্যানটিচের অভিযোগ ছিল, উরুগুয়ের রেফারি জর্জ লারিয়োন্দা খেলার শেষ দিকে সার্বিয়ার পক্ষে প্রাপ্য একটি পেনাল্টি দেননি। তাঁর দাবি, ওই সময়ে পেনাল্টি বক্সে টিম কাহিলের হাতে বল লেগেছিল। জার্মানিকে ১-০ ব্যবধানে হারালেও অস্ট্রেলিয়ার কাছে এই হারে দ্বিতীয় পর্বের স্বপ্ন শেষ হয়ে গিয়েছিল সার্বিয়ার। এই পেনাল্টি না পাওয়ায় ২-১ ব্যবধানের হার নিয়ে মাঠ ছাড়ার পর অ্যানটিচ বলেছিলেন, ‘সার্বিয়ার বিপক্ষে রেফারি একটি কালো দিন কাটালেন।’ এসব কথাবার্তার জন্য এবং আচরণের জন্য সাজা পেয়েছেন অ্যানটিচ। কিন্তু সার্বিয়ান ফুটবল ফেডারেশন (এফএসএস) মনে করছে, এই সাজা অ্যানটিচের প্রাপ্য নয়। তারা এক বিবৃতিতে জানিয়েছে, ‘এফএসএস এই নিষ্ঠুর শাস্তি দেখে অত্যন্ত বিস্মিত হয়েছে। এখন আমরা ফিফার কাছে অভিযোগ জানানোর জন্য সব ধরনের আইনি পথই ব্যবহার করব।’ এএফপি।