অ্যানফিল্ড সেজেছে আবেগের আবহে

অ্যানফিল্ড জুড়ে আজ শুধুই হিলসবরোর দুঃসহ স্মৃতি। লিভারপুল আর ম্যানচেস্টার সিটির শিরোপা-নির্ধারণী দ্বৈরথে আজ সবকিছু ছাপিয়ে ফিরে আসছে ২৫ বছর আগের সেই ভয়ংকর ঘটনাটি। আড়াই দশক আগে ঘটে যাওয়া ফুটবল ইতিহাসের অন্যতম ভয়াল ট্র্যাজেডির কথা আজ স্মরণ করা হবে হূদয় নিংড়ানো আবেগ আর শ্রদ্ধা বুকে ধারণ করে। ১৯৮৯ সালের ১৫ এপ্রিল এফএ কাপের ফাইনালে লিভারপুল আর নটিংহ্যাম ফরেস্টের খেলা দেখতে এসে পদদলিত হয়ে মৃত্যুকে আলিঙ্গন করা ৯৬ জন লিভারপুল সমর্থককে স্মরণ করতে আজ থাকছে বিশেষ আয়োজন। দুঃসহ স্মৃতির এই রজতজয়ন্তী সবদিক দিয়েই তাই ভিন্নমাত্রা দিচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগের এই মুহূর্তে সবচেয়ে প্রার্থিত ম্যাচটিকে।
কী কী থাকছে আজকের আয়োজনে? জানা গেছে, অ্যানফিল্ড স্টেডিয়ামে আজ ৯৬টি আসন খালি রাখা হবে নিহত ৯৬ সমর্থকের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে। আসনগুলো সাজানো থাকবে লিভারপুলের লাল স্কার্ফ আর ফুল দিয়ে। খেলাটাও শুরু হবে সাত মিনিট দেরিতে। লিভারপুলের খেলোয়াড়েরা খেলবেন ‘৯৬ প্যাঁচ’ লেখা জার্সি পরে। সবদিক দিয়েই চূড়ান্ত আবেগের বহিঃপ্রকাশ থাকবে আজকের এ ম্যাচটিতে। ম্যাচটি আরও এক দিক দিয়ে আবেগ আর প্রার্থনার। লিভারপুল কী পারবে হিলসবরোর স্মৃতি সঙ্গী করে নিজেদের পুরোনো শ্রেষ্ঠত্বকে আবার ফিরিয়ে আনতে?
লিভারপুলের ম্যানেজার ব্র্যান্ডন রজার্স অবশ্য আশাবাদী তাঁর দলের ব্যাপারে। ম্যানচেস্টার সিটির বিপক্ষে আগের হারের স্মৃতি ভুলে নিজেদের মাঠে জিততেই চান তিনি, ‘আমরা অ্যানফিল্ডে সব সময়ই লিভারপুলের জয় প্রত্যাশা করি।’ হিলসবরোর কথা মনে করেই তিনি সমর্থককুলকেও নিজেদের শক্তির অংশই ভাবতে চান, ‘এই মাঠে আমরা খেলব নির্ভীক সমর্থকদের সামনে, যাঁরা ছায়ার মতো আমাদের সঙ্গে রয়েছেন। যাঁরা আমাদের মধ্যে আত্মবিশ্বাস তৈরি করেন যে অ্যানফিল্ডে যেকোনো প্রতিপক্ষকেই আমরা হারাতে পারি।’
১৯৯০ সালে শেষবারের মতো লিগ খেতাব জিতেছিল লিভারপুল। রজার্স তখন সবে উত্তর আয়ারল্যান্ড ছেড়ে রেডিং দলের ১৬ বছর বয়সী উঠতি মিডফিল্ডার। অনেক চড়াই-উতরাই পেরিয়ে তিনি আজ লিভারপুলের মতো দলের ম্যানেজার। সামনে ২৪ বছর পর আবার লিগ শিরোপা জয়ের হাতছানি। আজ ম্যাচটি জিতলে যে অধরা স্বপ্নপূরণের পথে সাত পয়েন্ট এগিয়ে যাবে লিভারপুল।
লিভারপুলকে নিয়ে আশাবাদী হচ্ছেন কেনি ডালগ্লিশও, ‘সবকিছুই যেন সাজানো ও পরিপাটি। ঠিক যেন সেই গৌরবের দিনগুলোর মতো।’ তবে ডালগ্লিশ মনে করেন, এখনই সবকিছু পেয়ে যায়নি লিভারপুল। এ জন্য পরিশ্রমটা জিইয়ে রাখতে হবে, ‘আমরা এত দিন কিছুই পাইনি। আমাদের কাজ করে যেতে হবে। পরিশ্রমটা অব্যাহত রাখতে হবে।’
ম্যানচেস্টার সিটির কোচ ম্যানুয়েল পেলেগ্রিনি অবশ্য মনে করেন এমন একটা পরিস্থিতিতে লিভারপুলই প্রচণ্ড চাপে থাকবে। এ সুযোগটি নেওয়ার জন্যও তিনি মুখিয়ে আছেন।
তবে নিজের মিশন সফল করার পথে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে দলের চোট-সমস্যা। গুরুত্বপূর্ণ অনুষঙ্গ ভিনসেন্ট কম্পানি চোটগ্রস্ত। তাঁর আজকের ম্যাচ খেলা নিয়েই তৈরি হয়েছে সংশয়। তবে পেলেগ্রিনি এসব নিয়ে ভাবতে চান না। মাথা ঠান্ডা রেখে নিজেদের খেলাটা খেলে যাওয়ার পরামর্শই রয়েছে তাঁর দলের খেলোয়াড়দের প্রতি।
ব্র্যান্ডন রজার্স আর ম্যানুয়েল পেলেগ্রিনির মধ্যে মাঠের বাইরে দারুণ এক প্রতিদ্বন্দ্বিতা আছে। এটা কে না জানে কয়েক বছর আগে রবার্তো মানচিনির সহযোগী হওয়ার প্রস্তাব পেয়েছিলেন রজার্স। পেলেগ্রিনি পেয়েছিলেন লিভারপুলের দায়িত্ব নেওয়ার প্রস্তাব। সেদিক দিয়ে মাঠের লড়াইয়ের পাশাপাশি এই দুই কোচের ওপরও থাকছে বাড়তি লাইমলাইট। এএফপি।