অ্যানফিল্ডে উত্সবের রং

২৪ বছর অপেক্ষার পর এমন একটি মুহূর্তের সামনে লিভারপুল-সমর্থকেরা। উত্সবের আবহ তো থাকবেই। ১৯৯০ সালের পর প্রথমবারের মতো ইংলিশ প্রিমিয়ার লিগ জয়ের একেবারে দ্বারপ্রান্তে দাঁড়িয়ে তাঁরা। স্টিফেন জেরার্ডরা তো এই মুহূর্তে তাঁদের কাছে স্বপ্নের নায়কের চেয়েও বেশি কিছু।
‘মেক আস ড্রিম’—গোটা মৌসুমেই এ স্লোগানটি যেন হাহাকারের পর্যায়েই চলে গিয়েছিল অ্যানফিল্ড জনতার। লিভারপুল ফুটবলাররা সেই হাহাকারটি অনুধাবন করেছেন বেশ ভালোভাবেই। আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। ইপিলের শিরোপাটা যে লাল বাহিনীর হাতেই শোভা পাচ্ছে—এই আলোচনা বোধ হয় শুরু করেই দেওয়া যায়।
আজ রোববার নরউইচ সিটির বিপক্ষে লড়াইটা শিরোপার মিশন সফল করার পথে এক গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবেই ধরে নিতে চান লিভারপুল-ভক্তরা। তাই তো কাল মেলউড ট্রেনিং গ্রাউন্ডে ছিল শুভকামনারত অসংখ্য ভক্তকুলের ভিড়। মুখে ছিল উদ্দীপনার স্লোগান। হাতে ছিল ব্যানার-ফেস্টুন। একটি ফেস্টুনে চোখ আটকে গেল সবার। তাতে লেখা, ‘স্পিন কোপ ১৯০৬’। এই স্পিন কোপ ১৯০৬ একটি সমর্থক দলের নাম। তারাই কাল ট্রেনিং গ্রাউন্ডের দেয়ালে ঝুলিয়ে দিল সেই হাহাকারের ব্যানার, ‘মেক আস ড্রিম’।
লিভারপুল খেলোয়াড়েরা এই ভক্তকুলের প্রতি দারুণ কৃতজ্ঞও। গত সপ্তাহে ম্যানচেস্টার সিটিকে হারানোর দিনই সেই কৃতজ্ঞতাবোধ জানিয়ে দিয়েছেন তাঁরা। সেদিন কোচ ব্রেন্ডন রজার্স তো একপ্রকার দৌড়েই সমর্থকদের দিকে গিয়ে নিজের কৃতজ্ঞতার কথা জানিয়ে দেন।
লিভারপুলের শিরোপার লড়াই অনেকটাই সহজ হয়ে গেছে গতকাল চেলসি সান্ডারল্যান্ডের কাছে হেরে যাওয়ায়। এই মুহূর্তে শিরোপার লড়াইয়ে লিভারপুলের সবচেয়ে কঠিন প্রতিপক্ষ ওই চেলসিই। ৩৫ ম্যাচে ৭৫ পয়েন্ট পাওয়া চেলসির সঙ্গে ব্যবধান ধরাছোঁয়ার বাইরে নিয়ে যাওয়ার লড়াইটাও আজ নরউইচ সিটির বিপক্ষে। আজ লিভারপুল জিতলে তাদের পয়েন্ট হবে ৮০ (৩৪ ম্যাচে ৭৭)। শিরোপার কথাটাও তখন জোর গলায় বলা যাবে।
তবে কোচ রজার্স চান খেলোয়াড়দের সতর্ক পদক্ষেপ। এই মুহূর্তে কোনো ম্যাচই হারতে চান না তাঁরা, ‘অনুশীলনের আগে আমি ফুটবলারদের বলে দিয়েছি পয়েন্ট নষ্ট করাও হবে এই মুহূর্তে আত্মঘাতী।’
প্রথম সাক্ষাতে নরউইচের বিপক্ষে ৫-১ গোলের জয় পেয়েছে লিভারপুল। রোববারের লড়াইয়ে লিভারপুল তুরুপের তাস মানছে অধিনায়ক স্টিফেন জেরার্ডকেই। ব্রিটিশ এই তারকা ফুটবলার দারুণ খেলেই তাঁর দীর্ঘ দিনের ক্লাবকে নিয়ে এসেছেন শিরোপার দ্বারপ্রান্তে। তবে কোচ রজার্স নির্দিষ্ট কারও কাঁধে জোয়াল চাপাতে রাজি নন, ‘আমার দলের ২১ জন খেলোয়াড়ই ছন্দে আছে। এর মধ্যে খেলবে সেরা ১১ জন। আমি শিরোপা জয়ের জন্য সবার ওপরই নির্ভরশীল। সবাইকে নিজের জায়গা থেকে সঠিক কাজটি করে যেতে হবে।’ ওয়েবসাইট।