অ্যানফিল্ডে তোরেসের রাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাঠ ছেড়ে যাচ্ছিলেন ফার্নান্দো তোরেস। অ্যানফিল্ডের লালসমুদ্র হঠাৎ করে ফুলে উঠল। লাল জার্সির লিভারপুল সমর্থকেরা সবাই উঠে দাঁড়িয়েছে। উঠে দাঁড়িয়েছে তারা ফার্নান্দো তোরেসকে শ্রদ্ধা জানাতে। একটা গর্জনও ভেসে এল। প্রিয় তারকাকে ভালোবাসা জানাতে একসঙ্গে সবাই গাইছিল তোরেস-সংগীত—‘তোরেস, তোরেস; তুমি আমাদের তোরেস’!তোরেসকে নিয়ে এই উচ্ছ্বাস ও ভালোবাসা পরশু রাতে তাঁর অসাধারণ দুটি গোলের জন্যই। যে দুটি গোলে তিনি হাসি ফুটিয়েছেন কোচ, সতীর্থ আর সমর্থকদের মুখে। আর স্বস্তি এনেছেন অ্যানফিল্ডে। তাঁর জোড়া গোলেই প্রিমিয়ার লিগে নিজেদের মাঠে পয়েন্ট তালিকার শীর্ষ দল চেলসিকে ২-০ গোলে হারিয়েছে লিভারপুল। তোরেসের পরশুর গোল দুটি শুধুই দুটি গোল নয়, এককথায় গোল দুটিকে অনন্য বলে দিতে পারেন আপনি। ১১ মিনিটে ডির্ক কিউটের বাঁ প্রান্তিক ক্রস অসাধারণ দক্ষতায় ধরে এক ঝটকায় সঙ্গে থাকা মার্কারকে ছিটকে ফেলে ঠান্ডা মাথায় বল পাঠিয়ে দেন জালে। ৪৪ মিনিটে দ্বিতীয় গোলটি করেছেন বাঁক খাওয়ানো শটে। সব মিলিয়ে এই ম্যাচে তোরেস ইঙ্গিত দিলেন চোটটোট কাটিয়ে বিশ্বকাপের আগের তোরেসে ফেরার। অনেকে তো বলছেন, এই ম্যাচেই তোরেসকে দেখা গেছে তাঁর সেরা ফর্মে। তবে লিভারপুল কোচ রয় হজসন বা তোরেস নিজে এটা ঠিক মনে করছেন না। ‘মানুষ হয়তো বলতে শুরু করবে তোরেস সেরা ফর্মে ফিরেছে। আমরা সেটাই চাই। তবে ও আরও ভালো কিছু করতে পারে’—বলেছেন হজসন। আর তোরেসের কথা, ‘আমি জানি না, শিগগিরই আমি আমার সেরা ফর্মে ফিরতে পারব কিনা। তবে যত দ্রুত সম্ভব ফেরার চেষ্টা করব।’স্বরূপে ফিরতে শুরু করেছে লিভারপুলও। চার দশকের মধ্যে লিগে এবারই সবচেয়ে বাজে শুরু করেছে ‘অল রেড’রা। পতিত হতে হতে চলে গিয়েছিল তারা অবনমন এলাকায়। তবে গত দুই ম্যাচ থেকে আবার ওপরে উঠতে শুরু করেছে। তোরেসময় চেলসি-জয়ে পয়েন্ট তালিকার নবম স্থানে উঠে গেছে তারা। ওয়েবসাইট।