অ্যানফিল্ডেই বুড়ো হবেন জেরার্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুনে গুনে তালিকা করলে সেটি হয়তো একেবারে ছোট হবে না। তবে বিশ্বের অগণিত ক্লাব আর অগণিত ফুটবলারদের ভিড়ে একই ক্লাবে আদ্যন্ত ক্যারিয়ার কাটানো ফুটবলাররা ‘বিরল প্রজাতিই’! স্টিভেন জেরার্ড এগিয়ে চলেছেন এই ‘বিরল প্রজাতির’ ফুটবলারদের তালিকায় নাম লেখানোর পথেই। সেই যে নয় বছর বয়সে যোগ দিয়েছিলেন অলরেডদের যুব একাডেমিতে, এখনো অ্যানফিল্ডই তাঁর ঠিকানা।খুব সহসাই ঠিকানা বদলও হচ্ছে না। পুরোনো চুক্তির মেয়াদ আর কত দিন ছিল, সেটা কোনো বিষয় নয়। নতুন খবর হলো, পরশু নতুন করে দীর্ঘমেয়াদি চুক্তিতে স্বাক্ষর করে আরও অনেক দিনের জন্য অ্যানফিল্ডকেই নিশ্চিত ঠিকানা বানালেন ইংলিশ মিডফিল্ডার। বয়স ৩১ হয়ে গেছে। এই বয়সে এসে দীর্ঘমেয়াদি চুক্তির ইঙ্গিত হতে পারে একটাই, লিভারপুলেই বুড়ো হতে যাচ্ছেন জেরার্ড!চুক্তিটা এমন দিনে করলেন, যার আগের রাতেই গোল করেছেন। আর পেনাল্টি থেকে করা তাঁর সেই একমাত্র গোলেই ম্যানচেস্টার সিটির বিপক্ষে লিভারপুল জিতেছে লিগ কাপের সেমিফাইনালের প্রথম লেগে। মানে, মাত্রই কয়েক ঘণ্টার ব্যবধানে দু-দুটি আনন্দঘন মুহূর্ত। জেরার্ডের কণ্ঠে ছিল তাই বাড়তি উচ্ছ্বাস, ‘আমি খুবই খুশি। আমার এবং আমার পরিবারের জন্য এটা গর্বের এক দিন। এটা এল গত রাতে দলের অসাধারণ পারফরম্যান্সের পিঠে চড়ে, যখন আমরা আমাদের প্রত্যাশার জয়টি পেয়েছি।’কথা বলার একপর্যায়ে লিভারপুল অধিনায়ক স্মৃতির পাতায় ভর করে ফিরে যান শৈশবে, ‘এটা সেই ক্লাব, যেটাকে আমি ভালোবাসি। এটা সেই ক্লাব, যে ক্লাবকে আমি সেই ছোটবেলা থেকে সমর্থন করি। বিশ্বের অন্যতম সেরা ক্লাবের অধিনায়ক হিসেবে আমি স্বপ্নের মধ্যে বাস করছি।’ এএফপি।