অ্যান্ডারসন-জাদেজা দুজনই নিরপরাধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অ্যান্ডারসন ও জাদেজা
অ্যান্ডারসন ও জাদেজা

শেষ পর্যন্ত শান্তিপূর্ণ সমাধানই হলো বিষয়টির। রবীন্দ্র জাদেজা কিংবা জেমস অ্যান্ডারসন—দুজনের কেউই আইসিসির আচরণবিধি ভাঙেননি বলেই রায় দিলেন জুডিশিয়াল কমিশনার গর্ডন লুইস। ফলে আগের ম্যাচেই ম্যাচসেরা হওয়া অ্যান্ডারসনকে কোনো শাস্তি পেতে হচ্ছে না। অভিযোগ প্রমাণিত হলে কমপক্ষে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ হতেন ইংলিশ পেসার।
গত ট্রেন্ট ব্রিজ টেস্টে জাদেজা ও অ্যান্ডারসনের মধ্যে শুধু উত্তপ্ত বাক্যবিনিময়ই নয়, ধাক্কাধাক্কিও হয়েছে বলে খবর। এ ঘটনার জন্য জাদেজাকে আগেই ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করেন ম্যাচ রেফারি ডেভিড বুন। কিন্তু বিষয়টি কোনো মতেই মানতে পারছিল না ভারত। অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি এ নিয়ে খোলাখুলিই অসন্তোষ প্রকাশ করে বলেছিলেন, দরকার হলে এর পর থেকে জরিমানা গুনেই মাঠে অপরাধ করবেন তাঁর সতীর্থরা। অপরাধ না করেই যে জরিমানা গুনতে হচ্ছে!
তবে ভারতের আবেদনের প্রেক্ষিতে আজকের শুনানিতে জাদেজাকেও নিরপরাধ ঘোষণা করা হয়। ভারতীয় দলের ম্যানেজার সুনীল দেবের আবেদনের পরিপ্রেক্ষিতেই অ্যান্ডারসনের বিরুদ্ধে লেভেল-৩-এর অভিযোগ আনা হয়েছিল। ট্রেন্ট ব্রিজ টেস্টের দ্বিতীয় দিনের লাঞ্চ বিরতির সময় অ্যান্ডারসন জাদেজাকে গালাগাল করেন ও ধাক্কা মেরেছিলেন বলে অভিযোগ করে ভারত।
কিন্তু দুই পক্ষের সাক্ষীদের সাক্ষ্য ও ছয় ঘণ্টার শুনানি শেষে লুইস দুজনকেই নিরপরাধ ঘোষণা করেন।