অ্যান্ডারসন-ঝড়ে নাটকীয়ভাবে শেষ চারে মুম্বাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কী অদ্ভুত ম্যাচ! এমন ম্যাচে সর্বশেষ কবে দেখা গেছে? উত্তেজনা, রোমাঞ্চ, নাটকীয়তা, অনিশ্চয়তা—আইপিএল সাতের প্রাথমিক পর্বের শেষ দিনে মুম্বাই-রাজস্থানের ম্যাচে সবকিছুরই দেখা মিলল একসঙ্গে। হতে পারে ভারতের জনপ্রিয় ঘরোয়া ক্রিকেট লিগের একটি ম্যাচ, তবুও টি-টোয়েন্টি ক্রিকেটে এর চেয়ে আদর্শ ম্যাচ খুঁজে পাওয়া কঠিনই হবে। রাজস্থানকে ৫ উইকেটে হারিয়ে নাটকীয়ভাবে প্লে-অফে জায়গা করে নিল মুম্বাই।

আগে থেকে ঘাড়ে নিঃশ্বাস ফেলছিল রাজস্থান। আজ প্লে-অফে যাওয়ার শেষ সুযোগ ছিল মুম্বাইয়ের। সে সুযোগ আরও কঠিন করে দিল রাজস্থান। ১৯০ রানের লক্ষ্য দিল শেন ওয়াটসনের দল। এ লক্ষ্য পেরোতে হবে ১৪.৩ ওভারে। চ্যালেঞ্জটা নিল মুম্বাই। রাজস্থানকে কচুকাটা করতে এগিয়ে এলেন কোরি অ্যান্ডারসন। বছরের শুরুতেই ওয়ানডে ম্যাচে শহীদ আফ্রিদির সবচেয়ে কম বলে সেঞ্চুরির রেকর্ড ভেঙে দেওয়া অ্যান্ডারসনকে এবার আইপিএলে যেন খুঁজেই পাওয়া যাচ্ছিল না। সেই অ্যান্ডারসন জেগে উঠলেন, একেবারে মোক্ষম ম্যাচে। যেন ঘুমন্ত দানব জেগেছেন! রাজস্থানের স্বপ্ন লণ্ডভণ্ড করতে ৪৪ বলে করলেন অপরাজিত ৯৫।

সবচেয়ে বড় নাটকীয়তা দেখা গেল, ১৪.৩ ওভারে—যখন দুই দলের রান সমান হয়ে গেল। তখন জানা গেল, ১৪.৪ ওভারে বাউন্ডারি হাঁকাতে পারলেই প্লে-অফ কোয়ালিফাই করতে পারবে মুম্বাই। তখনই মাত্র উইকেটে আসা অদিত্য তারে ফাকনারকে মারলেন উড়িয়ে। বল সোজা গ্যালারিতে। অমনি নেচে উঠল পুরো ওয়াংখেড়ে স্টেডিয়াম!  শিরোপা স্বপ্ন এ দফা টিকে গেলে গতবারের চ্যাম্পিয়নদের।

এর আগে টসে হেরে প্রথমে ব্যাট করে সাঞ্জু স্যামসান ও করুন নায়ারের ব্যাটিং নৈপুণ্যে চ্যালেঞ্জিং স্কোর গড়ে রাজস্থান। স্যামসন করেন ৭৪ ও নায়ার ৫০। তখন কে ভেবেছিল, মুম্বাই ১৮৯ রানও টপকে যাবে মাত্র ১৪.৪ ওভারে!