পুরো ভারতই যেন স্বস্তির নিঃশ্বাস ফেলছিল। স্বস্তি পাওয়ারই কথা, অনেক দিন পর মনে হচ্ছিল ফিরে এল সেই পুরোনো দিন। শচীন টেন্ডুলকার যে ব্যাট করলেন তিন ঘণ্টা ২৩ মিনিট, করলেন ৭৬ রান; টেস্টের সর্বশেষ ১১ ইনিংসে যেটি তাঁর সর্বোচ্চ। কলকাতা টেস্টের প্রথম দিনে ভারতের ব্যাটিং আবর্তিত হলো তাঁকে ঘিরেই। এই ইনিংসটা হয়তো কিছুদিনের জন্য হলেও সরিয়ে দেবে তাঁকে ঘিরে ডালপালা গজানো অস্বস্তির বাতাবরণকে।তবে টেন্ডুলকারের ইনিংস ছাড়া কাল ইডেনের প্রথম দিনটা ভারত উপভোগ করতে পারল কোথায়? তৃতীয় টেস্টের প্রথম দিনটায় ভারতের ওপর ছড়ি ঘুরিয়েছে ইংল্যান্ডই। যে মাঠে এর আগে সর্বশেষ তিন টেস্টেই ছয় শতাধিক রান করে ইনিংস ঘোষণা করেছিল ভারত, সেই মাঠেই কাল ৭ উইকেট হারিয়ে হলো ২৭৩ রান। ইংল্যান্ডের দুই বোলার জেমস অ্যান্ডারসন (৩ উইকেট) ও মন্টি পানেসারের (২) বোলিংয়েই জেরবার ধোনির দল।টেন্ডুলকারের ইনিংসটা ছাড়া ভারতের অবস্থা হতে পারত আরও সঙিন। উইকেটের তেমন কোনো সাহায্য ছাড়াই ইংলিশ বোলাররা ভুগিয়েছেন ভারতের ব্যাটসম্যানদের। অ্যান্ডারসনের সুইং ও পানেসারের ঘূর্ণিবল সামলানোটা সহজ ছিল না তাঁদের জন্য। শুরুতে পানেসারের বলে রান নেওয়ার কোনো চেষ্টাই করেননি এই ইনিংসেই সুনীল গাভাস্কারকে টপকে ইংল্যান্ডের বিপক্ষে সবচেয়ে বেশি টেস্ট রানের ভারতীয় রেকর্ড গড়া টেন্ডুলকার (২৫২৮)। ইংলিশ অধিনায়ক অ্যালিস্টার কুক তো কয়েকবার ফিল্ডিংই ছড়িয়ে দেন, যাতে টেন্ডুলকার সিঙ্গেল নিয়ে পেসারদের মুখোমুখি হন। সময়ের সঙ্গে নিজেকে ফিরে পেলেও লিটল মাস্টার ছিলেন খুবই সতর্ক। ১৩ বাউন্ডারির ১১টিই উইকেটের পেছন দিয়ে মারাটাই তার প্রমাণ। দিনের শেষ ঘণ্টায় অ্যান্ডারসনের করা প্রথম বলেই উইকেটের পেছনে ক্যাচ দিয়ে যান টেন্ডুলকার।টস জিতে ব্যাট নেওয়া ভারতকে ভালো সূচনাই এনে দিয়েছিল গম্ভীর-শেবাগ জুটি। জুটিতে ৪৭ রান উঠে যাওয়ার পরই ১১তম ওভারে পাগুলে এক ভুলে শেবাগ রানআউট। সিরিজে এ পর্যন্ত ভারতের পক্ষে সর্বোচ্চ রান করা চেতেশ্বর পূজারাকে বোল্ড করেন অষ্টম ওভারেই বোলিংয়ে আসা বাঁহাতি স্পিনার পানেসার। টানা দ্বিতীয় ফিফটি করার পর পানেসারের শিকার গম্ভীরও। টেন্ডুলকারের আগে ফর্ম হারিয়ে ফেলা কোহলিকেও ফিরিয়ে অ্যান্ডারসন দিনের শেষে আউট করেছেন অশ্বিনকে। ওয়েবসাইট।