অ্যান্ডারসনকে চূড়ায় দেখছেন বোথাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাত্রই তিন শ ছুঁলেন। ইংল্যান্ডের সর্বোচ্চ টেস্ট উইকেটশিকারির তালিকায় জেমস অ্যান্ডারসন এখন চারে। তবে চূড়ায় বসে আছেন যিনি, তিনি এখনই চূড়ায় দেখতে পাচ্ছেন অ্যান্ডারসনকে। ইয়ান বোথামের বিশ্বাস, শিগগিরই সবাইকে ছাড়িয়ে ইংল্যান্ডের সর্বোচ্চ টেস্ট উইকেটের মালিক হয়ে যাবেন অ্যান্ডারসন। এএফপি ও ওয়েবসাইট।নিউজিল্যান্ডের বিপক্ষে লর্ডস টেস্টে ৩০০ উইকেটের মাইলফলক ছুঁয়ে অ্যান্ডারসন টেস্ট শেষ করেছেন ৩০৫ উইকেট নিয়ে। ৩০৭ উইকেট পাওয়া ফ্রেড ট্রুম্যানকে ছাড়িয়ে যাবেন হয়তো হেডিংলিতে পরের টেস্টেই। আসছে অ্যাশেজেই ছাড়িয়ে যেতে পারেন ৩২৫ উইকেট পাওয়া বব উইলিসকে। আর ইংল্যান্ড যে পরিমাণ টেস্ট খেলে ও অ্যান্ডারসনের যা ফর্ম ও স্কিল, তাতে বোথামের ৩৮৩ উইকেট ছাড়িয়ে যেতেও খুব বেশি দিন লাগার কথা নয়। ৩০ বছর বয়সী পেসারের সামর্থ্য আছে বরং আরও উঁচুতে ওঠার, নিজেকে ধরাছোঁয়ার বাইরে নিয়ে যাওয়ার।বোথাম যেন নিজের রেকর্ড প্রায় সমর্পণ করেই ফেলেছেন। ভেবে রেখেছেন উদ্যাপনটাও, ‘অনেক বছর ধরেই জিমিতে আমি মুগ্ধ। ও অসাধারণ এক বোলার। অনেক দিন ধরেই আমাদের বোলিং আক্রমণের নেতা, আরও অনেক দিনও থাকবে নেতা হয়ে। সময়ের সঙ্গে উন্নতি করছে, ভালো থেকে আরও ভালো হচ্ছে। ৩৮৪ উইকেট ও পেয়ে যাবে, অনায়াসেই আমাকে ছাড়িয়ে যাবে। তখন যদি জিমিকে পাশে পাই, খুব ভালো এক বোতল ওয়াইন দিয়ে উদ্যাপন করব আমরা। কারণ এই অর্জনটার জন্য জিমির চেয়ে ভালো আর কারও কথা আমি ভাবতে পারি না।’