অ্যান্ডারসনরা যা শেখালেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরির পর কোরি অ্যান্ডারসন  প্রথম আলো
ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরির পর কোরি অ্যান্ডারসন প্রথম আলো

১৬ বছর বয়সে পেয়েছিলেন ক্রিকেট নিউজিল্যান্ডের চুক্তি। দেশের ক্রিকেট ইতিহাসে যা সবচেয়ে কম বয়সে চুক্তিতে ঢোকার রেকর্ড। ১৬ বছর বয়সেই প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক। ১৭ বছর বয়সে খেলেছিলেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে। পরের বিশ্বকাপে খেলেছেন আবার। ২২ বছর বয়সে টেস্ট অভিষেক। প্রথম দিন বল হাতে নিয়ে প্রতিকূল কন্ডিশন আর উইকেটে বল হাতে নিয়ে ছিলেন দলের সেরা বোলার। দ্বিতীয় টেস্টেই পেয়ে গেলেন প্রথম টেস্ট সেঞ্চুরির দেখা। কন্ডিশন আর উইকেট বাধা ছিল এখানেও। কিন্তু বয়স আর অভিজ্ঞতার চেয়ে বেশি পরিণতিবোধ কোরি অ্যান্ডারসনের তো সেই শৈশব থেকেই!
তাঁর এই অভিষেক সিরিজটির কথাই ভাবুন। চট্টগ্রামের উইকেট ছিল পেস বোলারদের বধ্যভূমি। কিন্তু নিজের করণীয়টা বুঝে নিতে একদমই সময় নেননি। লাইন-লেংথ ঠিক রেখে চেষ্টা করেছেন টানা এক জায়গায় বোলিং করে যেতে। সাফল্যও মিলেছে তাতে। অভিষেকে ব্যাটিংটা ভালো করতে পারেননি। তাঁর মতো স্ট্রোকমেকারের জন্য এই ধরনের উইকেটে নেমেই শট খেলা মুশকিল। বাস্তবতাটা যে দ্রুতই বুঝে ফেলেছেন, সেই প্রমাণ দ্বিতীয় টেস্টেই। কাল উইকেটে গিয়ে একদম তাড়াহুড়ো করেননি। প্রথম ৩২ বলে কাল রান ছিল ৫! থিতু হওয়ার পর খেলেছেন নিজের মতো। ভাগ্যের সহায়তা কিছু মিলেছে। বেশ কটি শট উইকেটের পেছন দিয়ে, গালি ও স্লিপের ফাঁক গলে বা আশপাশ ঘেঁষে চলে গেছে বাউন্ডারিতে। কিন্তু ব্যাটিংয়ে নিবেদনটা ফুটে উঠেছে স্পষ্ট।
বাংলাদেশের ব্যাটসম্যানদের শেখার আছে এখান থেকেই। এমনিতে টেস্ট ক্রিকেট মানে প্রতিদিনই কিছু না-কিছু শেখার থাকে। নিজে ঠেকে শেখা, সতীর্থ বা দলকে দেখে শেখা, প্রতিপক্ষ দল বা প্রতিপক্ষের কোনো ক্রিকেটারকে দেখে শেখা। প্রথম টেস্ট ড্র হয়েছে বাংলাদেশ এগিয়ে থেকে, এই টেস্টেও প্রথম দুই দিন লড়াই হয়েছে সমানতালে। তার পরও এই অ্যান্ডারসন ও এই নিউজিল্যান্ডকে দেখে শিখতে পারে বাংলাদেশ। শিখতে পারে নিবেদন!
সিরিজ শুরুর আগে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় ভাবনা ছিল সম্ভবত ব্রেন্ডন ম্যাককালাম ও রস টেলর। স্পিন খেলার দক্ষতা সহজাত বলে আলোচনায় ছিলেন কেন উইলিয়ামসনও। উইলিয়ামসন আলো ছড়াচ্ছেন অনুমিতভাবেই, তবে ম্যাককালাম বা টেলর মোটেও নিজেদের মেলে ধরতে পারেননি। কিন্তু অন্যরা ঠিকই দাঁড়িয়ে গেছেন প্রয়োজনের সময়। প্রথমবার উপমহাদেশে খেলতে এসে মানসিক দৃঢ়তার প্রমাণ দিয়েছেন পিটার ফুলটন। গত টেস্টে বোল্ট-ওয়াটলিং, এই টেস্টে অ্যান্ডারসন-ওয়াটলিং-সোধি দাঁড়িয়ে গেছেন ব্যাট হাতে।
অ্যান্ডারসনও বলছিলেন প্রয়োজনের সময় কারও না-কারও দাঁড়িয়ে যাওয়ার কথা, ‘দলের প্রয়োজনে অনেকেই বেশ দাঁড়িয়ে যাচ্ছে। আগের টেস্টে বোল্ট ফিফটি করেছে, আজ ইশ প্রথম ফিফটি পেল। প্রয়োজনের সময় নতুন নতুন নাম ও মুখের দাঁড়িয়ে যাওয়াটা দলের জন্য দারুণ।’
কাল ১২৭ রানে ৪ উইকেট হারানো দলকে যেমন উদ্ধার করলেন অ্যান্ডারসন ও উইলিয়ামসন। উইকেট দেখে, পরিস্থিতি বুঝে, বোলার ও বোলিং বেছে আর জায়গা মেপে খেলেছেন দুজন। পরে ওয়াটলিং আর সোধির জুটি ম্যাচটিকে বলতে গেলে নিয়ে গেল বাংলাদেশের মুঠোর বাইরে। ম্যাচ বাঁচাতে হলে দ্বিতীয় ইনিংসে এমন নিবেদনই প্রয়োজন হবে বাংলাদেশের ব্যাটসম্যানদের।