ট্রেন্টব্রিজের কিউরেটর বলেছিলেন, ব্যাটিং উইকেট। ম্যাচের আগে পিচ রিপোর্টে ইয়ান বোথাম আরও এক কাঠি এগিয়ে বললেন, ‘নিখাদ ব্যাটিং উইকেট।’ দুদলের ব্যাটসম্যানরা মিলে এই ব্যাটিং উইকেটকেই কাল বানিয়ে ফেললেন ব্যাটসম্যানদের বধ্যভূমি।গুমরামুখ আকাশের নিচেও প্রথম দিন টস জিতে ব্যাটিং নিয়েছিলেন অ্যান্ড্রু স্ট্রাউস, সারা দিনে উইকেট পড়েছিল চারটি। আলোর স্বল্পতায় কাল খেলা হলো ৬৪.১ ওভার, তাতেই উইকেট পড়ল ১৫টি! তাতে বেশি সর্বনাশ হলো পাকিস্তানের। সকালে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে দুপুরের মধ্যেই হারিয়ে ফেলল পাকিস্তান। মোহাম্মদ আসিফের বোলিং-কীর্তি চাপা পড়ে গেল ব্যাটসম্যানদের ব্যর্থতায় আর ‘বার্থ ডে বয়’ জেমস অ্যান্ডারসনের বোলিং তাণ্ডবে। ৫১ বলের এক ঝড়ে কাল ইংল্যান্ডকে ৩৫৪ রানে গুটিয়ে দেওয়ার পরও পাকিস্তান এখন ফলোঅনের শঙ্কায়। ৯ উইকেটে ১৪৭ রান নিয়ে দিন শেষ করেছে তারা, ফলোঅন এড়াতে প্রয়োজন আরও ৮ রান।কাল দিনের শুরুতেই স্লিপে এউইন মরগানের একটি সহজ ক্যাচ ছেড়ে দেন ইমরান ফারহাত। আরও একবার দুর্ভাগা বোলার আমির। তবে আসিফ দুর্দান্তভাবে জ্বলে ওঠায় ওই ব্যর্থতার খেসারত খুব একটা দিতে হয়নি পাকিস্তানকে। ১৭ রানের মধ্যে ইংল্যান্ডের শেষ ৬ উইকেট তুলে নিয়েছে পাকিস্তান। আসিফ একাই নিয়েছেন যার চারটি। চারটিই আবার এলবিডব্লু। পরপর দুই বলে গ্রায়েম সোয়ান ও অ্যান্ডারসনকে আউট করে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগিয়েছিলেন। শেষ ব্যাটসম্যান স্টিভেন ফিনের ব্যাট ছুঁয়ে যাওয়া পরের বলটি স্লিপে ফারহাতের কাছে যাওয়ার আগে মাটি স্পর্শ করায় হ্যাটট্রিকটা আর হয়নি। তবে টেস্টে সপ্তমবারের মতো পাঁচ উইকেট ঠিকই পেয়েছেন আসিফ। তিন রান নিতে গিয়ে রানআউট হয়েছেন ম্যাট প্রিয়র, স্টুয়ার্ট ব্রডকে বোল্ড করে ইনিংস শেষ করেছেন উমর গুল।তাঁর ২৮তম জন্মদিনে নায়ক হবেন অন্য কেউ, এটা হয়তো মানতে পারছিলেন না অ্যান্ডারসন। সুইং বোলিংয়ের এক অপূর্ব প্রদর্শনী দেখালেন ডানহাতি এই পেসার, অন্য পাশে ফিনের বাউন্সেরও জবাব খুঁজে পেলেন না পাকিস্তানি ব্যাটসম্যানরা। দুজনের দুরন্ত বোলিং আর পাকিস্তানি ব্যাটসম্যানদের দুর্বল টেকনিক মিলে যা হলো, তাতে দেখা গেল ৪৭ রানেই নেই ৬ উইকেট! আমিরের সঙ্গে মালিকের ৫৮ রানের জুটিটা যখন পাকিস্তানকে ফলোঅন বাঁচানোর আশা দিচ্ছিল, তখন আবারও ‘যম’ হিসেবে আবির্ভাব সেই অ্যান্ডারসনের। স্লিপে অধিনায়কের হাতে ক্যাচ বানালেন ৩৮ রান করা মালিককে। পরের ওভারে আমিরকে ফিরিয়ে দিয়ে পেলেন পঞ্চম উইকেট। বোলারদের বীরত্ব আর ব্যাটসম্যানদের ব্যর্থতা—এটাই বোধ হয় হতে যাচ্ছে পাকিস্তানের আরেকটি টেস্টের গল্প।