অ্যান্ডারসনের দৃষ্টি শীর্ষস্থানে
প্রথম টেস্টেই শ্রীলঙ্কার বিপক্ষে ইনিংস ও ১৪ রানের নাটকীয় জয় দিয়ে সিরিজ জয়ের অনেক কাছাকাছি চলে গেছে ইংল্যান্ড। দ্বিতীয় টেস্টটি ড্র হওয়ার পর এখনো তারা সিরিজে এগিয়ে আছে ১-০ ব্যবধানে। আগামী ১৬ জুন থেকে শুরু হতে যাওয়া তৃতীয় টেস্টটিতে শুধু হার এড়াতে পারলেই শেষ হাসি হাসতে পারবে স্বাগতিকেরা। তবে জেমস অ্যান্ডারসনের প্রত্যাশা অবশ্য আরও বেশি। শুধু সিরিজ জয়ই না, শেষ টেস্টটা জিতে আইসিসি র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানে যাওয়ার কাজ আরও এগিয়ে রাখতে চান এই ইংলিশ পেসার।স্কাই স্পোর্টস নিউজকে দেওয়া এক সাক্ষাত্কারে অ্যান্ডারসন বলেছেন, ‘আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানটা দখল করা। যে কারণে যতগুলো সম্ভব বেশি ম্যাচে আমাদের জেতার চেষ্টা করতে হবে। আমরা শ্রীলঙ্কার বিপক্ষে এই সিরিজটা তো অবশ্যই জিততে চাই। তবে ইংল্যান্ডে আমরা অনেক শক্তিশালী অবস্থানে থাকি। আর আমরা এখন খুব ভালো ফর্মেও আছি। ফলে শেষ টেস্টটা আমরা জেতারই চেষ্টা করব। এটা আমাদের শীর্ষস্থানে যাওয়ার কাজটা অনেকটাই এগিয়ে দেবে।’ইনজুরির কারণে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম দুটি টেস্টে মাঠে নামতে পারেননি অ্যান্ডারসন। এবার তৃতীয় টেস্টে তাঁর অন্তর্ভুক্তিটা ইংল্যান্ডের পেস আক্রমণকে আরও শক্তিশালী করবে বলে আশা করছেন সমর্থকেরা। অ্যান্ডারসনও নিজের সেরাটাই ঢেলে দেওয়ার ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ। তিনি বলেছেন, ‘অনুশীলনে বোলিং করা, আর ম্যাচে বল করার পরিস্থিতিটা পুরোপুরি ভিন্ন রকম। তবে আমার কোনো সমস্যা হবে না বলেই আশা করছি। আমি এখন পুরোপুরি ভালো আছি এবং শেষ টেস্টেও নিজের সেরাটাই দিতে পারব।’ ইএসপিএন।