অ্যান্ডারসনের রায়ে হতাশ ভারত
আবারও হারল ভারত। এবার মাঠের বাইরে। হারটা তাদের কাছে আরও তিক্ত।
উপযুক্ত তথ্যপ্রমাণের অভাবে জেমস অ্যান্ডারসন নির্দোষ। পরশু আইসিসির জুডিশিয়াল কমিশনার গর্ডন লুইস এ রায় ঘোষণার পরই স্তম্ভিত পুরো ভারত শিবির। ট্রেন্ট ব্রিজ টেস্টের দ্বিতীয় দিনের মধ্যাহ্নবিরতির পর ড্রেসিংরুমে ফেরার পথেই লেগে গিয়েছিল অ্যান্ডারসন ও রবীন্দ্র জাদেজার মধ্যে। জাদেজাকে ধাক্কা মেরেছেন অ্যান্ডারসন, করেছেন গালাগাল—অভিযোগ করেছিল ভারত। পরে ইংল্যান্ডও অভিযোগ আনে, জাদেজাও তেড়ে গিয়েছিলেন অ্যান্ডারসনের দিকে। আইসিসির আচরণবিধির লেভেল ওয়ান ভঙ্গের অভিযোগে জাদেজাকে ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানাও করেছিলেন ম্যাচ রেফারি ডেভিড বুন। এই রায়ের বিরুদ্ধে করা ভারতের আপিল গ্রহণ করে জাদেজার শাস্তিও তুলে নেয় আইসিসি।
অ্যান্ডারসনের কোনো শাস্তি না হওয়াটাই ভারতকে খুব পোড়াচ্ছে। রায়ের বিরুদ্ধে আপিলও করতে পারছে না ভারতীয়রা, কারণ আইসিসি সেই সুযোগ রাখেনি। দোষী প্রমাণিত হলে সিরিজই শেষ হয়ে যেতে পারত অ্যান্ডারসনের।
ঘটনার আগে-পরের ভিডিও ফুটেজ পাওয়া গেলেও প্রকৃত ঘটনার কোনো ফুটেজ পাওয়া যায়নি। ঘটনাস্থলের ক্যামেরাটা কোনো কারণে সেদিন কাজ করেনি। ভারতীয়রা এখন প্রশ্ন তুলতে পারে, কেন এমন হলো?
পরশু শুনানিতে অ্যান্ডারসন স্বীকার করেছেন জাদেজার সঙ্গে তাঁর বাদানুবাদ হয়েছে। তবে সেটা নাকি নিজেকে বাঁচাতে গিয়েই করতে হয়েছে। অ্যান্ডারসনের পক্ষের সাক্ষীরাও সবাই সেটাই বলেছেন। রায়ের পূর্ণাঙ্গ কপি এখনো পাওয়া যায়নি। সেটা হাতে না পাওয়া পর্যন্ত কোনো মন্তব্য করতে রাজি হয়নি বিসিসিআই। এএফপি, ক্রিকইনফো।