অ্যান্ডারসনের লক্ষ্য ৫-০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিজটা এরই মধ্যে ২-০ হয়ে গেছে এবং যেভাবে হয়েছে, তাতে অনেকেই দেখতে পাচ্ছেন ৫-০। কিন্তু অ্যালিস্টার কুকের মনের মধ্যেও এই আকাঙ্ক্ষাটা হয়তো আছে। কিন্তু তিনি সেটি প্রকাশ করতে চান না। তিনি এগোতে চান একেকটা টেস্ট ধরে। কিন্তু জেমস অ্যান্ডারসনের কোনো রাখঢাক নেই। ইংল্যান্ড অধিনায়কের প্রধান পেস বোলিং অস্ত্র পরিষ্কার জানিয়ে দিয়েছেন, তাঁর লক্ষ্য ৫-০।

অ্যাশেজের ১৩৬ বছরের ইতিহাসে পাঁচ ম্যাচের সিরিজে দুবার প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করেছে অস্ট্রেলিয়া। ইংল্যান্ড একবার জিতেছিল ৫-১-এ, ১৯৭৮-৭৯ মৌসুমের সেই সিরিজটা ছিল ছয় ম্যাচের। পাঁচ ম্যাচের সিরিজে ইংল্যান্ড কখনোই ৫-০ করতে পারেনি। এত দিন পর চিরশত্রুদের ধবলধোলাইয়ের লজ্জাটা ফিরিয়ে দিতে পারার সম্ভাবনা রেখাটা যখন ফুটে উঠেছে, অ্যান্ডারসন সুযোগটা হাতছাড়া করতে রাজি নন, ‘সত্যিই আমার মধ্যে কোনো সহানুভূতি জাগছে না। আমরা সিরিজটা ৫-০ তে জিততে চাই। কাজেই প্রতিটা ম্যাচই জেতার জন্য করণীয় সবকিছুই করব আমরা।’

আগামী ১ আগস্ট থেকে তৃতীয় টেস্ট শুরু হবে অ্যান্ডারসনের ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে। এখানে বিশেষ কিছু করার তাড়না তো থাকবেই, ওল্ড ট্রাফোর্ড টেস্টটা অ্যান্ডারসনকে রোমাঞ্চিত করছে আরও একটা কারণে, ‘উত্তরে প্রচুর ক্রিকেট হয় এবং হেডিংলিকে অপছন্দ করি (অ্যান্ডারসনের দল ল্যাঙ্কাশায়ারের চিরপ্রতিদ্বন্দ্বী ইয়র্কশায়ারের সদর দপ্তর লিডসের মাঠ)। কাজেই ওল্ড ট্রাফোর্ডে টেস্ট খেলাটা দারুণ। এই মাঠের অনেক ইতিহাসও আছে।’ এএফপি।