অ্যালেগ্রির চাকরি খেলেন বেরার্দি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চার গোল করে এসি মিলান কোচ মাসিমিলিয়ানো অ্যালেগ্রির
চার গোল করে এসি মিলান কোচ মাসিমিলিয়ানো অ্যালেগ্রির

একের পর এক ব্যর্থতায় মাসিমিলিয়ানো অ্যালেগ্রির পায়ের তলার মাটি আলগা হয়ে গিয়েছিল আগেই। নবাগত সাসসুয়োলোর বিপক্ষে ম্যাচটা তাই ছিল জীবনরেখা। এসি মিলান কোচ নিজেও বুঝতে পারছিলেন অন্যকিছু হলেই বিপদ। হলোও তাই। পুঁচকে সাসসুয়োলোর কাছে ৪-৩ গোলের হারটা মিলান কর্তৃপক্ষ মেনে নিতে পারেনি। পরশু হারের পরই মিলানের সহসভাপতি বারবারা বেরলুসকোনি ‘পরিবর্তনের’ ডাক দেন।
কাল মিলানের পরিচালনা বোর্ড ক্লাবের মালিক ও সভাপতি সিলভিও বেরলুসকোনির মেয়ের চাওয়াটাই কার্যকর করেছে। কোচ অ্যালেগ্রির সঙ্গে তাঁর সহকারীদেরও ছাঁটাই করা হয়েছে। ২০১০ সালে দায়িত্ব নিয়ে প্রথম মৌসুমেই লিগ জেতালেও ৪৬ বছর বয়সী কোচ সাফল্যের ধারাটা ধরে রাখতে পারেনি। চতুর্থ মৌসুমে অ্যালেগ্রি দলকে টেনেই তুলতে পারছিলেন না। ১৯ ম্যাচ শেষে শীর্ষে থাকা জুভেন্টাসের চেয়ে মিলান ৩০ পয়েন্ট পিছিয়ে ১১ নম্বরে।
মৌসুমের মাঝামাঝি এভাবে অ্যালেগ্রির চাকরিটা খেয়ে নিলেন আসলে ১৯ বছর বয়সী এক তরুণ! দমেনিকো বেরার্দির হঠাৎ অমন অতিমানবীয় রূপের কারণেই তো হারতে হলো মিলানকে।
১৩ মিনিটের মধ্যেই রবিনহো ও বালোতেল্লির গোলে ২-০-তে এগিয়ে। মৌসুমের শুরুর দিকে সাসসুয়োলোকে ৭-০ গোলে ভাসিয়েছিল ইন্টার মিলান, সে রকম কিছু ঘটারই ইঙ্গিত দিচ্ছিল তাদের নগরপ্রতিদ্বন্দ্বীরা। ঠিক তখনই ধূমকেতুর মতো আবির্ভাব বেরার্দির। ১৫ থেকে ৪৭—৩২ মিনিটে একাই করলেন ৪ গোল। ম্যাচের ভাগ্যটাই গড়ে দিলেন উল্টোভাবে। ভাগ্যদেবী যেন নিজের হাতে লিখলেন এক তরুণের উত্থানের গল্প।
শেষ দিকে আরেকটা গোল করে মিলান ম্যাচে উত্তেজনা ফেরালেও হার এড়াতে পারেনি। নাটকীয়ভাবে সাসসুয়োলো জিতেছে ৪-৩ গোলে। এই ম্যাচ দিয়ে মিলানে অভিষেক হয়েছে কেইসুকে হোন্ডার। বদলি হিসেবে নেমে জাপানি ফরোয়ার্ড ঝলকও দেখিয়েছেন। কিন্তু একবার তাঁর হেড অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়েছে, আরেকবার শট প্রতিহত হয়েছে পোস্টে।
মিলান হারলেও পয়েন্ট তালিকার শীর্ষ তিন দল জুভেন্টাস, রোমা ও নাপোলি ঠিকই জিতেছে। ফার্নান্দো লরেন্তের জোড়া গোলে জুভেন্টাস ৪-১-এ হারিয়েছে ক্যালিয়ারিকে। টট্টি, মাইকনদের জাদুতে জেনোয়ার বিপক্ষে রোমা জিতেছে ৪-০ গোলে। নাপোলি ৩-০ গোলে হারিয়েছে ভেরোনাকে। এএফপি।