অ্যাশেজ জিতল অস্ট্রেলিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
australia_Image
australia_Image

মিচেল জনসনের বলটা ঠিকমতো খেলতে পারলেন না ইংল্যান্ডের শেষ ব্যাটসম্যান জেমস অ্যান্ডারসন। সহজ ক্যাচটা তালুবন্দী করতে ভুল হলো না জর্জ বেইলিরও। উল্লাসে মেতে উঠলেন অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা। পার্থের ইলেকট্রনিক স্কোরবোর্ডে লেখা হলো, ‘ফিরে আসল ভস্মাধার’। হ্যাঁ, ভস্মাধারটা অস্ট্রেলিয়ায় ফিরল পাঁচ বছর পর। পাঁচ ম্যাচ সিরিজের প্রথম তিনটি ম্যাচ জিতে ২০০৬-০৭ মৌসুমের পর অ্যাশেজ জয়ের স্বাদ পেল অস্ট্রেলিয়া।
ক্যারিয়ারের দ্বিতীয় টেস্টেই শতরানের ইনিংস খেলে লড়াইটা ভালোই চালিয়েছিলেন বেন স্টোকস। কিন্তু তাঁর ১২০ রানের ইনিংসটা অস্ট্রেলিয়ার জয়টাকে শুধু কিছুটা বিলম্বিতই করতে পেরেছে। ইংল্যান্ডের হার এড়ানোর জন্য মোটেই যথেষ্ট ছিল না তাঁর এই একক লড়াই। শেষ পর্যন্ত পার্থ টেস্টটা অস্ট্রেলিয়া জিতেছে ১৫০ রানের ব্যবধানে।
৫০৪ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে গতকালই পাঁচ উইকেট হারিয়ে ধুঁকছিল ইংল্যান্ড। তার পরও ৭২ রান নিয়ে দিন শেষ করা স্টোকসের ব্যাটের দিকে তাকিয়েই হয়তো আশা খুঁজেছিলেন ইংল্যান্ড-সমর্থকেরা। আজ পঞ্চম দিনের শুরুতেও বেশ কিছুক্ষণ লড়াই চালিয়েছিলেন গতকালের দুই অপরাজিত ব্যাটসম্যান স্টোকস ও ম্যাট প্রিয়র। তাঁদের এই ষষ্ঠ উইকেট জুটি থেকে এসেছিল ৭৬ রান। কিন্তু আরও একবার জনসনের আঘাতেই নিভে গেছে ইংল্যান্ডের আশার প্রদীপ। আজ পঞ্চম দিনে ইংল্যান্ড শিবিরে প্রথম আঘাতটি হেনেছেন এই ডানহাতি পেসার। সাজঘরে ফিরিয়েছেন ২৬ রান করা প্রিয়রকে। মধ্যাহ্নবিরতির পর স্টোকসকেও সাজঘরমুখী করে অস্ট্রেলিয়ার জয় নিশ্চিত করে ফেলেন নাথান লায়ন। নিজের পরের ওভারে গ্রায়েম সোয়ানের উইকেটও তুলে নেন এই ডানহাতি স্পিনার। আর ইংলিশ কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন জনসন। তিনিও টানা দুই ওভারে তুলে নিয়েছেন শেষ দুই ব্যাটসম্যান টিম ব্রেসনান ও অ্যান্ডারসনের উইকেট।
প্রথম ইনিংসে ১১১ রানের দারুণ ইনিংসটি খেলার জন্য ম্যাচসেরার পুরস্কারটা উঠেছে স্টিভেন স্মিথের হাতে।