প্রথম সেশনে অস্ট্রেলিয়া নিল ৩ উইকেট। দ্বিতীয় সেশনে খেলা হতে পারল মাত্র ৩ বল!ওল্ড ট্রাফোর্ডের শেষ দিনের গল্প এই। ম্যাচের গল্পটাও এতেই লুকিয়ে। আম্পায়ারের সঙ্গে তর্ক করে, ভ্রু কুঁচকে চতুর্থ দিন বিকেলে মাঠ ছেড়েছিলেন মাইকেল ক্লার্ক। শেষ দিনের বিকেল নাগাদ কপালের ভাঁজ বাড়ল আরও। ইংল্যান্ড দল নয়, অস্ট্রেলিয়ান অধিনায়ককে হতাশায় ডুবাল ইংলিশ আবহাওয়া। ম্যানচেস্টারের গোমড়া আকাশের নিচে হাসছিল তখন ওল্ড ট্রাফোর্ডের গ্যালারি। অ্যাশেজ ধরে রাখার উৎসব ইংল্যান্ডের ড্রেসিংরুমে।আগের দিন বিকেল থেকেই অস্ট্রেলিয়ার লড়াইটা শুধু ইংল্যান্ডের সঙ্গে ছিল না, ছিল আবহাওয়ার সঙ্গেও। আলোকস্বল্পতায় ৩২ ওভার আগেই শেষ হয়ে গিয়েছিল চতুর্থ দিনের খেলা। কাল বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার সময় বাকি ৭৭.৩ ওভার। ইংল্যান্ডের সঙ্গে লড়াইয়ে তখন অনেক এগিয়ে অস্ট্রেলিয়া, ৩৭ রানেই তুলে নিয়েছে ৩ উইকেট। পুরো ওভার তো বটেই, কিছু কম পেলেও হয়তো অস্ট্রেলিয়াদের থামানো মুশকিল হতো। কিন্তু অস্ট্রেলিয়া পেল না কিছুই। ব্যালকনিতে বসে ক্লার্ক দেখলেন, বৃষ্টিতে ভেসে যাচ্ছে অ্যাশেজ পুনরুদ্ধার করার শেষ সম্ভাবনাটুকুও।ক্লার্কদের সকালটা শুরুও হয়েছিল হতাশায়, সকাল থেকেই বৃষ্টি। বৃষ্টি থামার পর অবশ্য অত্যাধুনিক নিষ্কাশনব্যবস্থার কারণে মাত্র আধঘণ্টাই নষ্ট হয় সকালে। মেঘলা আকাশের নিচে তেতে থাকা হ্যারিস-সিডলরা আগুন ঝরিয়েছেন বল হাতে। ইংলিশ ব্যাটসম্যানদের নাভিশ্বাস তুলে ছেড়েছেন হ্যারিস। ভেতরে ঢোকা বলে কুককে ফেরালেন ইনিংসের তৃতীয় ওভারেই। রিভিউয়ে অল্পের জন্য বেঁচে যাওয়া জোনাথন ট্রট একটু পরই বিদায় নিলেন লেগ স্টাম্পের বাইরের বলে। আর ডিআরএস-বিতর্ক আরেকবার উসকে দিয়ে কট বিহাইন্ড কেভিন পিটারসেন। ইংল্যান্ডের অবস্থা আরও খারাপ হতে পারত, যদি সিডলের বলে জো রুটের সহজ ক্যাচটি স্লিপে না ছাড়তেন ক্লার্ক।আগের দিন বিকেলে ক্লার্ক মাঠ ছেড়েছেন গজরাতে গজরাতে। হ্যারিসের সঙ্গে উইকেটে ছিলেন অস্ট্রেলিয়ান অধিনায়ক। চাইছিলেন আর কিছু রান বাড়িয়ে পরে ইংল্যান্ডের দু-একটি উইকেট নিতে। কিন্তু আলোকস্বল্পতায় ‘বিপজ্জনক’ বলে খেলা বন্ধ করে দিলেন দুই আম্পায়ার। অথচ যাঁদের জন্য বিপজ্জনক হওয়ার কথা, সেই ব্যাটসম্যানরা ঠিকই খেলতে চাইছিলেন। আলো কম থাকলেও ব্যাটসম্যানরা চাইলে খেলা চালানোর নিয়ম ছিল আগে। এখন দায়িত্বটা পুরোপুরি আম্পায়ারদের। নতুন এই নিয়ম নিয়ে বড় একটা বিতর্ক তুলে দিল চতুর্থ দিনের বিকেল।শেষ দিনে বৃষ্টির কারণে আম্পায়ারদের সেই সিদ্ধান্তকে আর ম্যাচের নির্ধারক বলা যাচ্ছে না। নিজেকে হয়তো আরও বেশি অসহায় মনে হচ্ছে ক্লার্কের। আম্পায়ারদের ওপর ক্ষোভটা তো তা-ও প্রকাশ করতে পেরেছিলেন, প্রকৃতির ওপর ক্ষোভ জানাবেন কীভাবে! তথ্যসূত্র: স্টার ক্রিকেট ও ওয়েবসাইট।