অ্যাশেজ পর্যন্ত নিষিদ্ধ ওয়ার্নার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাঁর নিজের দাবি, হাশিম আমলাকে ব্যঙ্গ করে জো রুট নকল দাড়ি লাগিয়েছেন বলেই নাকি মেজাজ বিগড়ে গিয়েছিল। গত পরশু ম্যাচ শেষে জর্জ বেইলি বলেছিলেন, ‘ছোট্ট ঘটনা, আমরা আমরাই তা মিটিয়ে ফেলব।’ কিন্তু ওই আত্মপক্ষ সমর্থন বা ভারপ্রাপ্ত অধিনায়কের ওকালতি, কিছুই বাঁচাতে পারল না ডেভিড ওয়ার্নারকে। বার্মিংহামের পানশালায় রুটকে ঘুষি মারায় অ্যাশেজের প্রথম টেস্ট পর্যন্ত নিষিদ্ধ করা হয়েছে বাঁহাতি ওপেনারকে। তাঁকে জরিমানাও গুনতে হবে সাড়ে ১১ হাজার অস্ট্রেলিয়ান ডলার (প্রায় সাড়ে আট লাখ টাকা)।রুটকে মারা ঘুষির তীব্রতা যা-ই থাকুক, সেটা অনেক বেশি তীব্র হয়ে ফিরে এল ওয়ার্নারের দিকে। নিষেধাজ্ঞার কারণে চ্যাম্পিয়নস ট্রফির বাকি অংশ এবং অ্যাশেজের আগে দুটি প্রস্তুতি ম্যাচে খেলতে পারবেন না এই ওপেনার। আর প্রস্তুতি ছাড়া কোনো একজনকে অ্যাশেজে নামিয়ে দেওয়ার সম্ভাবনা যথেষ্টই ক্ষীণ। প্রস্তুতি ম্যাচগুলোতে যদি ক্রিস রজার্স ভালো করে ফেলেন, তাহলে তো কথাই নেই। শেন ওয়াটসনের ওপেনিংয়ে ফিরে আসার সম্ভাবনার পালে জোর হাওয়া দেবে ওয়ার্নারের নিষেধাজ্ঞা। সব মিলিয়ে রুট-কাণ্ড অস্ট্রেলিয়ার টেস্ট দলে ওয়ার্নারের ভবিষ্যৎকেই অনিশ্চিত করে দিল।গতকাল অস্ট্রেলিয়ান সময় সন্ধ্যায় টেলিকনফারেন্সে শুনানি হয় ওয়ার্নারের। শুনানি বা ঘটনার বিস্তারিত জানা যায়নি, তবে আজ সকালে অস্ট্রেলিয়ায় সংবাদ সম্মেলন করার কথা ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ডের। ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিভিন্ন পত্রপত্রিকা থেকে যা জানা যাচ্ছে, বার্মিংহামের পানশালা ‘ওয়াকাবাউট’-এ ওয়ার্নারের সঙ্গে ছিলেন ক্লিন্ট ম্যাকাই, গ্লেন ম্যাক্সওয়েল, ফিল হিউজ, মিচেল মার্শ ও ম্যাথু ওয়েড। রুটের সঙ্গী ছিলেন স্টুয়ার্ট ব্রড। নকল দাড়ি লাগিয়ে পানশালায় গিয়েছিলেন রুট। আমলাকে ব্যঙ্গ করে রুট এটা করেছেন দাবি করে ওয়ার্নার ওই নকল দাড়ি টেনে তোলার চেষ্টা করেন। এ থেকেই কথা-কাটাকাটির সূত্রপাত। একপর্যায়ে ওয়ার্নার ঘুষি বসিয়ে দেন রুটের থুতনিতে। ম্যাকাই এসে আলাদা করেন দুজনকে। রুটের দাবি, আমলাকে নয়, তিনি মজা করেছেন নিজের সঙ্গেই। এখনো দাড়ি-গোঁফ ওঠেনি বলে সতীর্থরা টিপ্পনী কাটে তাঁকে নিয়ে, এ জন্যই মজা করে নকল দাড়ি লাগিয়েছিলেন।শাস্তি পাওয়ার আগেই অবশ্য অস্ট্রেলিয়ান ক্রিকেটে ঝড় তুলেছে ওয়ার্নারের ঘটনা। গত কিছুদিনে একের পর এক নানা বিতর্কের ঘটনায় সংবাদমাধ্যমে প্রশ্ন তোলা হয়েছে দলীয় সংস্কৃতি নিয়ে। আর সুযোগ পেয়ে ঠিকই খোঁচা দিয়েছেন সাবেক ইংল্যান্ড অধিনায়ক মাইকেল ভন, ‘শুধু নিজের নয়, ওয়ার্নার পুরো অস্ট্রেলিয়া দলেরই ক্ষতি করেছে। আর লোকে শুধু ওকে নিয়ে কথা বলছে, কিন্তু আমি অস্ট্রেলিয়া দলের কাঠামো, অধিনায়ক, ম্যানেজমেন্ট, সমর্থক সবাইকেই দোষী বলব।’ ওয়েবসাইট।