অ্যাশেজ প্রায় জিতেই ফেলল অস্ট্রেলিয়া

পার্থ টেস্টের তৃতীয় দিনে দ্বিতীয় ইনিংসে ওয়ার্নারের সেঞ্চুরি ও ক্রিস রজার্সের অর্ধশতকে অস্ট্রেলিয়া পৌঁছে গেছে নিরাপদ অবস্থানে। ওয়ার্নার ও রজার্সের উদ্বোধনী জুটি ইংলিশ বোলারদের নাকের পানি, চোখের পানি এক করে ছেড়েছে। এ জুটি থেকেই এসেছে ১৫৭ রান। ব্রেসনানের বলে কারবেরির হাতে ক্যাচ দেয়ার আগে রজার্স করেন ৫৪ রান। রজার্স ফিরে গেলেও ‘ওয়ার্নার শো’ চলে আরও কিছুক্ষণ। ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি তুলে তবেই উইকেট ছেড়েছেন তিনি। ওয়ার্নারের (১১২) মহামূল্যবান উইকেটটি নেন সোয়ান। অবশ্য ব্যাটসম্যান হিসেবে শততম টেস্টটি স্মরণীয় করে রাখতে পারলেন না অধিনায়ক মাইকেল ক্লার্ক। স্টোকসের বলে বোল্ড হওয়ার আগে করেন ২৩। দিন শেষে ওয়াটসন ২৯ ও স্মিথ ৫ রানে অপরাজিত ছিলেন।
ইংলিশদের দুর্ভাগ্য বুঝি পিছু ছাড়ছে না। চলতি অ্যাশেজে ইংল্যান্ডের সবচেয়ে সফল বোলার স্টুয়ার্ট ব্রড ছিটকে পড়েছেন ইনজুরির কারণে। প্রথম ইনিংসে ব্যাট করার সময় জনসনের এক আগুনে ইয়র্কার ডান পায়ে লাগলে মারাত্মক ব্যথা পান তিনি। বেচারা ব্রড এলবিডব্লিউ তো হলেনই, সঙ্গে সাজঘর নয়; ধরতে হলো হাসপাতালের রাস্তা! ব্রডকে ছাড়াই অ্যান্ডারসন ও ব্রেসনানকেই শুরু করতে হলো বোলিং আক্রমণ।
তৃতীয় দিন শেষে অস্ট্রেলিয়া এগিয়ে ৩৬৯ রান। হাতে রয়েছে ৭ উইকেট। সময় যত যাচ্ছে, ম্যাচ ততই অস্ট্রেলিয়ার দিকে ঝুঁকছে। এটি অন্তত বলা যায়, ম্যাচ নিজেদের পকেটে পুরতে ইতিহাসই গড়তে হতে পারে ইংলিশদের। জনসন, হ্যারিসদের তোপ সামলে সেটি কতটা সম্ভব, সেটি জানা যাবে কাল কিংবা পরশু।