
আগুনে গোলায় প্রথম দুই টেস্টে ইংল্যান্ডকে ধ্বংস করেছেন মিচেল জনসন। পার্থের পারদ চড়ানো আবহাওয়ায় কালও আগুন ঝরালেন। তবে এবার তাঁর আগুনে পোড়েনি কোনো ইংলিশ ব্যাটসম্যান। কিন্তু সাফল্য ঠিকই এসে ধরা দিয়েছে জনসনের মুঠোয়। দুর্দান্ত এক ক্যাচ নিয়ে কেভিন পিটারসেনকে ফিরিয়ে অ্যাশেজ ধরে রাখার ইংলিশ প্রতিরোধে প্রবল এক ঝাঁকুনিই দিয়েছেন বাঁহাতি এই বোলার। ইংল্যান্ড ঝাঁকুনি খেয়েছে বিতর্কিত ডিআরএস সিদ্ধান্তে জো রুটকে হারিয়েও।
আরেকবার ব্যাটিং বিপর্যয় হলেই শেষ অ্যাশেজ ধরে রাখার আশা। ইংল্যান্ড কাল ব্যাটিং করছিল দৃঢ়তার সঙ্গেই। পঞ্চম ইনিংসে এসে সিরিজে প্রথমবারের মতো ৫০ পেরোয় তাদের উদ্বোধনী জুটি। অধিনায়ক অ্যালিস্টার কুকের সঙ্গে ৮৫ রান যোগ করে আউট মাইকেল কারবেরি। পাঁচ ওভার ও ৫ রান পর আউট রুট। শেন ওয়াটসনের বলটা রুটের ব্যাট ছুঁয়ে উইকেটকিপারের হাতে গেছে ধরে নিয়েই আউট দিয়ে দেন আম্পায়ার। হতভম্ব রুট রিভিউ নিয়েও পার পাননি। ব্যাট-বলের সংযোগের কোনো চিহ্ন না পেলেও এরাসমাসের সিদ্ধান্তই বহাল রাখেন তৃতীয় আম্পায়ার টনি হিল।
জোড়া আঘাতের পর কেভিন পিটারসেনকে নিয়ে কুক ৪৬ রান যোগ করার পর আবার বিপর্যয় ইংল্যান্ডের। শততম টেস্টে সেঞ্চুরি থেকে ২৮ রানের দূরে থেমে যেতে হয় অধিনায়ক কুককে। এর ওভার তিনেক পরেই কেপির ওই আউট। ১৫তম বলে প্রথম রান, ৪৪তম বলে প্রথম বাউন্ডারি; স্বভাববিরোধী ব্যাটিং করা পিটারসেন পিটার সিডলকে উড়িয়ে মারতে গিয়েই মিডঅনে জনসনের উড়ন্ত ক্যাচ হলেন। এই নিয়ে দশবার কেপির উইকেট পেলেন সিডল। এরপর অবশ্য আর কোনো উইকেট না হারিয়ে ১৮০ রান করেছে ইংল্যান্ড। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস এখনো ২০৫ রান দূরে।
দিন শেষে অবশ্য কেভিন পিটারসেনের হয়ে সাফাই গাইলেন ওপেনার কারবেরি, ‘এই শটটা মেরেই তাকে বহুবার বলকে সীমানা ছাড়া করতে দেখেছি। এই শটটা সে লকারে পুরে রাখবে আমি সেটা দেখতে চাই না।’ কারবেরি কথা বলেছেন রুটের আউট নিয়েও, ‘আমরা নিশ্চিত
সে ব্যাটে লাগায়নি। এটা তৃতীয় আম্পায়ারের ব্যাপার, মেনে নেওয়া ছাড়া আর কী-ই বা করার আছে।’
এর আগে প্রথম দিনের ৬ উইকেটে ৩২৬ রান নিয়ে দিন শুরু করা অস্ট্রেলিয়া কাল অলআউট হয়েছে ৩৮৫ রানে। তথ্যসূত্র: এএফপি, ওয়েবসাইট।