অ্যাশেজ-ভাবনায় বিশ্রামে ক্লার্ক
মুম্বাই ইন্ডিয়ানসের নেতৃত্ব দেওয়া হয়েছে রিকি পন্টিংকে। শোনা যাচ্ছিল, আরেকজন অস্ট্রেলিয়ান অধিনায়ক দেখা যাবে এবারের আইপিএলে। মাইকেল ক্লার্ককে অধিনায়ক ভেবেই রণপরিকল্পনা সাজাচ্ছিল পুনে ওয়ারিয়র্স। নিলামে চার লাখ ডলারে কিনলেও নেতৃত্ব ও সামগ্রিক দায়িত্ব মিলিয়ে অস্ট্রেলিয়ান অধিনায়কের জন্য প্রায় ২০ লাখ ডলারের প্রস্তাব ভেবে রেখেছিল পুনে। কিন্তু দলটির ভাবনা আর ক্লার্কের বিশাল আয়ের হাতছানি সব ভেস্তে দিল চোট। পিঠ আর হ্যামস্ট্রিং চোটের জন্য ৭ থেকে ১০ সপ্তাহ বিশ্রামে থাকতে হবে ক্লার্ককে।৩ এপ্রিল শুরু হচ্ছে আইপিএলের ষষ্ঠ আসর। খানিকটা ঝুঁকি নিয়ে হয়তো আইপিএলের মাঝামাঝি থেকে খেলতে পারতেন ক্লার্ক। কিন্তু জুনে চ্যাম্পিয়নস ট্রফি ও জুলাইতে অ্যাশেজকে মাথায় রেখে দলের সবচেয়ে বড় সম্পদকে নিয়ে বিন্দুমাত্র ঝুঁকির পথে হাঁটতে চায় না ক্রিকেট অস্ট্রেলিয়া। আইপিএলের পুরো সময়টায় জাতীয় দলের কোনো খেলা নেই, কেন্দ্রীয় চুক্তিবদ্ধ ক্রিকেটারদের তাই ছুটি দিয়েছে বোর্ড। কিন্তু ক্লার্ককে আইপিএলে না খেলার পরামর্শ দিয়েছে সিএ। ক্লার্ক নিজেও ডলারের লোভে জাতীয় দায়িত্বকে অনিশ্চয়তায় ফেলতে চান না।পিঠের চোটের কারণে ভারতের বিপক্ষে শেষ টেস্টে খেলতে পারেননি ক্লার্ক। দেশে ফেরার পর স্ক্যান করে দেখা গেছে, চোটটা পুরোনোই, নতুন করে কিছু হয়নি। ১৭ বছর বয়স থেকেই এই চোট ক্লার্কের অনাকাঙ্ক্ষণীয় কিন্তু একরকম ছায়াসঙ্গী। হ্যামস্ট্রিংয়ের চোটটা বাঁধিয়েছিলেন গত বছরের শেষে শ্রীলঙ্কা সিরিজে। সেটাও নতুন করে মাথাচাড়া দিয়েছে। দুটোই যেহেতু পুরোনো চোট, পর্যাপ্ত বিশ্রামই তাই সবচেয়ে বড় দাওয়াই।লম্বা বিশ্রাম পাবেন আইপিএলে না যাওয়া ক্লার্কের সতীর্থরাও। দুঃস্বপ্নের ভারত সফর শেষে কালই দেশে ফিরেছে দল। অস্ট্রেলিয়াজুড়ে এখনো চলছে ভারতে দলের পারফরম্যান্সের কাটাছেঁড়া। মিকি আর্থার অবশ্য আবারও শোনালেন আশার বাণী। অস্ট্রেলিয়ার কোচের ধারণা, অ্যাশেজে ভারত সফরের পুনরাবৃত্তির সম্ভাবনা নেই, ‘সত্যি বলতে, একগাদা তরুণ ক্রিকেটার নিয়ে ভারতের কন্ডিশনে খেলতে যাওয়ায় আমি আগে থেকেই চিন্তিত ছিলাম। ক্রিকেটারদের হয়তো বলে দেওয়া যায়, এই কন্ডিশনে এভাবে খেলতে হবে, কিন্তু বাস্তব অভিজ্ঞতা না হলে কেউ উপলব্ধি করতে পারে না। ইংল্যান্ডের কন্ডিশন বরং আমাদের অভ্যস্ততার কাছাকাছি, ওখানে পেস বোলিং হবে গুরুত্বপূর্ণ। ব্যাটসম্যানদেরও মানিয়ে নিতে ভারতের মতো সমস্যা হবে না।’ ওয়েবসাইট।