অ্যাশেজ রক্ষার মিশনে ইংল্যান্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাল পার্থে অ্যালিস্টার কুকের দল বিমান থেকে নেমেছে টানা চতুর্থ অ্যাশেজ জয়ের স্বপ্ন নিয়ে। এক বন্ধুর মৃত্যুর জন্যই দলের সঙ্গে বিমানে ওঠেননি পিটারসেন। আগামীকাল দলের সঙ্গে যোগ দেবেন এই ব্যাটসম্যান।

অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারাতে পারলে শুধুই খুদে ভস্মাধারটা নিজেদের দখলে রাখবে না ইংল্যান্ড ক্রিকেট দল, বড়সড় ধাক্কাও দেবে অস্ট্রেলিয়ার ক্রিকেটকে। সেই ধাক্কায় পতন হতে পারে অস্ট্রেলীয় ক্রিকেটের অনেক পরিচিত মুখের।

সর্বশেষ অ্যাশেজ জয়ের স্মৃতিটা মাত্রই মাস দুয়েকের পুরোনো। সেই টাটকা স্মৃতি নিয়েই মূল লড়াই শুরুর মাস খানেক আগেই দক্ষিণ গোলার্ধে হাজির ইংলিশরা। অস্ট্রেলিয়ার ভঙ্গুর ব্যাটিং লাইনআপটাকে এবারও লক্ষ্য বানিয়েছে ইংল্যান্ড। গত অ্যাশেজে ব্যাটিং লাইনআপটাকে গিনিপিগ বানানোর চড়া মূল্যই দিয়েছে অস্ট্রেলিয়া। কোচ ড্যারেন লেম্যান অবশ্য এবার কথা দিয়েছেন ব্যাটিং লাইনআপটাকে স্থিতিশীল রাখবেন।

চিরপ্রতিদ্বন্দ্বীদের ওপর অনেক দিন ধরেই ছড়ি ঘোরাচ্ছে ইংল্যান্ড। এতে আবার আত্মতৃপ্তি পেয়ে বসবে না তো! ‘ক্যাপ্টেন’ কুক অবশ্য সেই ভয় পাচ্ছেন না, ‘আত্মতৃপ্তি, ওটা কোনো সমস্যা নয়। ১৮৯০ সালের পর প্রথম টানা চারটি অ্যাশেজ জয়ের সুযোগ আমাদের সামনে। সবাই রোমাঞ্চিত ও উন্মুখ এটা করে দেখানোর জন্য।’

সফরে ইংল্যান্ড প্রথম মাঠে নামছে ৩১ অক্টোবর। পার্থে শুরু ওই তিন দিনের ম্যাচের প্রতিপক্ষ ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া রাজ্য দল। পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টেস্ট শুরু ২১ নভেম্বর ব্রিসবেনে।

ব্রিটিশ বাজিকর সংস্থা উইলিয়াম হিলের বাজির দরে অনেকটাই এগিয়ে ইংল্যান্ড। তাদের পক্ষে দর ১০/১১, অস্ট্রেলিয়ার পক্ষে ১৩/৮। গায়ে ফেবারিটের এই তকমা লেগে যাওয়াটাকে স্বাভাবিকই বলছেন কুক, ‘ টানা তিনটি অ্যাশেজ জয়ের শেষটি যখন মাত্র দুই মাস আগে, লোকজন আমাদের ফেবারিট বলবে সেটাই স্বাভাবিক। কিন্তু অস্ট্রেলিয়ার মাটিতে জয়টা কোনো ছোটখাটো ঘটনা নয়। আমাদের সামনে এখন এটাই চ্যালেঞ্জ।’

কুকের মতো অবশ্য স্বস্তিতে নেই অস্ট্রেলিয়া অধিনায়ক মাইকেল ক্লার্ক। গত অ্যাশেজের আগে বরখাস্ত হওয়া কোচ মিকি আর্থার তো পরশু বলেই দিলেন এবারও ইংল্যান্ড জিতলে চাকরি নিয়েই টানাটানি পড়ে যাবে জেমস সাদারল্যান্ড (সিইও), প্যাট হাওয়ার্ড (হাইপারফরম্যান্স চিফ) ও মাইকেল ক্লার্কের। এএফপি।