অ্যাশেজ শেষ প্যাটিনসনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম দুই টেস্টের দুটিতেই হার। অস্ট্রেলিয়া দলের অবস্থা এককথায় নড়বড়ে। মড়ার ওপর খাঁড়ার ঘা হয়ে এল জেমস প্যাটিনসনের চোট। ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, অ্যাশেজের বাকি ম্যাচগুলোতে খেলতে পারবেন না এই ফাস্ট বোলার।অস্ট্রেলিয়া দলের চিকিত্সক পিটার ব্রুকনার গতকাল সোমবার এক বিবৃতিতে বলেন, ‘দ্বিতীয় টেস্টের শেষ দিনে কোমরে ব্যথা অনুভব করেন প্যাটিনসন। লন্ডনে তার কিছু পরীক্ষা-নিরীক্ষা আমরা করিয়েছি। দুর্ভাগ্যজনকভাবে তার কোমরের হাড়ে চিড় দেখা গেছে। এ অবস্থায় অ্যাশেজের অবশিষ্ট ম্যাচগুলোর কোনোটাতেই খেলতে পারবে না সে।’প্রথম দুই টেস্টে হেরে যাওয়ায় এখন সিরিজ হারের শঙ্কায় অস্ট্রেলিয়া। এর ওপর সিরিজ থেকে ছিটকে পড়লেন প্যাটিনসন। একে ‘হতাশাজনক’ বলে স্বীকার করলেও অস্ট্রেলিয়ার পারফরম্যান্স ম্যানেজার প্যাট হাওয়ার্ডের বিশ্বাস, তাঁর অনুপস্থিতি দলে খুব বেশি প্রভাব ফেলবে না। বার্তা সংস্থা রয়টার্সকে হাওয়ার্ড বলেন, ‘জেমস প্রতিযোগিতা থেকে বাদ পড়ায় আমরা অবশ্যই হতাশ। তবে নির্বাচকদের হাতে এখনো পাঁচজন ফিট ফাস্ট বোলার রয়েছে। তারাও অপেক্ষায় আছে ইংল্যান্ডের বিপক্ষে ভালো কিছু করার। এর বাইরে অস্ট্রেলিয়ার এ দলের হয়ে কয়েকজন বোলার দারুণ পারফরম্যান্স করেছে। জাতীয় নির্বাচক প্যানেল চাইলে তাদেরও ডাকার সুযোগ রয়েছে।’