অ্যাশেজ সিরিজের জন্য অস্ট্রেলিয়া দল ঘোষণা
অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টের জন্য ১৭ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। তবে ২৫ নভেম্বর ব্রিসবেনে টেস্ট ম্যাচ শুরু হওয়ার আগে ১২ বা ১৩ সদস্যের মূল দলটি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক অ্যান্ড্রু হিলডিচ। প্রাথমিক এ দলে অন্তর্ভুক্ত করা হয়েছে তিনটি নতুন মুখ। পাকিস্তানি বংশোদ্ভূত ব্যাটসম্যান উসমান খাওয়াজা, ক্যালাম ফার্গুসন ও লেগ স্পিনার স্টিভ স্মিথ। এ সপ্তাহে ইংল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়া ‘এ’ দলের হয়ে ভালো পারফরমেন্স দেখাতে পারলে হয়তো অ্যাশেজ সিরিজে টেস্ট অভিষেকও হয়ে যেতে পারে তাঁদের। ইনজুরি থাকা সত্ত্বেও দলে আছেন অস্ট্রেলিয়ার অভিজ্ঞ দুই ব্যাটসম্যান মাইকেল ক্লার্ক, সাইমন ক্যাটিচ এবং পেস বোলার ডগ বলিঞ্জার। বেশ কিছুদিন ধরে বাজে ফর্মের কারণে সমালোচিত অফস্পিনার নাথান হরিজও সুযোগ পাচ্ছেন নিন্দুকদের পাল্টা জবাব দেওয়ার। অধিনায়ক রিকি পন্টিং দল নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে বলেছেন, ‘এ মুহূর্তে এটা খুবই ভারসাম্যপূর্ণ দল। কোনো সন্দেহ নেই যে বিগত কয়েক বছর ধরে তারা খুবই ভালো ক্রিকেট খেলেছে।’অস্ট্রেলিয়া দল: রিকি পন্টিং (অধিনায়ক), মাইকেল ক্লার্ক (সহ-অধিনায়ক), ডগ বলিঙ্গার, জাভিয়ের ডোহার্টি, ক্যালাম ফার্গুসন, রায়ান হ্যারিস, নাথান হরিজ, মাইক হাসি, বেন হলফিনহউস, মিচেল জনসন, সাইমন ক্যাটিচ, উসমান খাওয়াজা, মার্কাস নর্থ, পিটার সিডল, স্টিভেন স্মিথ, শেন ওয়াটসন ও ব্রাড হাডিন। রয়টার্স।