অ্যাশেজে অস্ত্রবিরতি নয়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুদ্ধের মাঝপথে মোক্ষম একটি অস্ত্র ব্যবহার না করার অনুরোধ কে রাখতে চাইবে! অ্যান্ডি ফ্লাওয়ার তাই যতই সাদা পতাকা ওড়ান, অস্ট্রেলিয়ানরা সেদিকে তাকিয়েও দেখতে চান না। ‘অস্ত্রবিরতির’ প্রস্তাব নিয়ে এসেছিলেন ইংল্যান্ড কোচ, চেয়েছিলেন দুই পক্ষের সমঝোতায় বন্ধ হোক স্লেজিং। কিন্তু সেই প্রস্তাবকে পাত্তাই দেননি মিচেল জনসন, ড্যারেন লেম্যানরা। জনসন তো সাফ জানিয়ে দিয়েছেন, স্লেজিং ও শর্ট বল—সমানে চলতে থাকবে দুটি তোপই।
স্লেজিং নিয়ে হইচই এমনিতে নতুন কিছু নয়। ক্রিকেট ইতিহাসে বিখ্যাত-কুখ্যাত কত স্লেজিংয়ের ঘটনাই তো আছে। আর স্লেজিং অ্যাশেজের অনুষঙ্গ সব সময়ই। তবে মাইকেল ক্লার্কের জরিমানা, সংবাদ সম্মেলনে জোনাথন ট্রটকে ডেভিড ওয়ার্নারের খোঁচা, ট্রটের মানসিক অবসাদ, স্টুয়ার্ট ব্রডকে দর্শক-সংবাদমাধ্যমেরও স্লেজিং, সব মিলিয়ে এবার যেন একটু বেশিই উত্তাপ ছড়াচ্ছে স্লেজিং বিতর্ক। ওয়ার্নারের মন্তব্যের সমালোচনাও করেছেন ফ্লাওয়ার ও ইংলিশ অধিনায়ক অ্যালিস্টার কুক।
স্লেজিংটাকে শিল্পের পর্যায়ে নিয়ে যাওয়ার কৃতিত্ব অস্ট্রেলিয়ানদেরই দেওয়া হয়। মাত্রা ছাড়িয়ে যাওয়ার অভিযোগও আবার সবচেয়ে বেশি ওঠে তাদের বিরুদ্ধে। মাইকেল ক্লার্কের জমানায় অবশ্য এটি অনেকটিই কমে গিয়েছিল। কিন্তু এই অ্যাশেজে ফিরে এসেছে ‘সগৌরবে।’ স্লেজিং অস্ত্রে যে ইংল্যান্ড ভালোই ঘায়েল হয়েছে, সেটার প্রমাণ মাঠে যেমন হয়েছে, হয়েছে ফ্লাওয়ারের প্রস্তাবেও। জনসনের মুখে স্বাভাবিকভাবেই সেই বিজয়ের হাসি, ‘আমি যত দূর শুনেছি, ওদের কোচ শান্তি প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু আমাদের দিক থেকে কোনো কিছু বদলানোর মানেই হয় না। যা আমাদের কাজে লেগেছে, তা থেকে কেন সরে আসব!’
ফ্লাওয়ারের প্রস্তাব হালে পানি পাচ্ছে না প্রতিপক্ষ কোচ লেম্যানের কাছেও, ‘স্লেজিং ক্রিকেটেরই একটি অংশ। নতুন করে আলোচনার কিছু নেই। আমরা যখন ইংল্যান্ডে গিয়েছিলাম, ওরা আমাদের ছাড়েনি। এখন একই অভিজ্ঞতা ওদেরও হচ্ছে। বিদেশে খেলতে গেলে এসবের সঙ্গে মানিয়ে নিতে হবেই।’
ইংল্যান্ড কোচের মূল আপত্তি ছিল স্লেজিংয়ে মাত্রা ছাড়িয়ে যাওয়া নিয়ে। তবে মাঠের ভেতরে-বাইরে স্লেজিংয়ের সবচেয়ে শিকার যিনি, সংবাদমাধ্যমেও যিনি নজিরবিহীন স্লেজিংয়ের শিকার হয়েছেন, সেই স্টুয়ার্ট ব্রড কিন্তু কোচের সঙ্গে একমত নন, ‘ব্যক্তিগতভাবে আমি মনে করি, স্লেজিং মাত্রা ছাড়ায়নি। এটা অ্যাশেজ, ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার মর্যাদার লড়াই, মাঠে আবেগের ঝড় থাকবেই। অ্যাশেজে স্লেজিংটা প্রত্যাশিতই। আর মাত্রা ছাড়িয়ে যাওয়া না-যাওয়ার দায়িত্ব ক্রিকেটারদেরই।’
তবে এত কিছুর পরও ব্রিসবেন টেস্টে স্লেজিং ছিল পার্শ্বচরিত্র, মূল চরিত্র অবশ্যই জনসনের শর্ট বল। দ্বিতীয় টেস্টের ভেন্যু অ্যাডিলেড ওভালের উইকেট ঐতিহ্যগতভাবে অস্ট্রেলিয়ার সবচেয়ে ব্যাটিং সহায়ক। সেখানে জনসনের কার্যকারিতা নিয়ে সংশয় থাকছে। তবে উল্টো একটা ছবিও দেখালেন জনসন, ‘শর্ট বলের তোপ অ্যাডিলেডেও দাগব। গ্যাবার উইকেটে বাউন্স ছিল সমান, অ্যডিলেডে থাকবে অসমান। মাঝেমধ্যেই উঁচু-নিচু হবে। ওখানে তাই শর্ট বল আরও কার্যকর হতে পারে।’
সত্যি সেটা হলে, ইংল্যান্ডের জন্য অপেক্ষা করছে আরেকটি কঠিন পরীক্ষা। অ্যাডিলেড টেস্ট শুরু ৫ ডিসেম্বর। ওয়েবসাইট।