অ্যাশেজে পানেসার ট্রেমলেট
দলবদলই কি তবে ভাগ্য বদলে দিল মন্টি পানেসার ও ক্রিস ট্রেমলেটের? দুজনেরই আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ দেখে ফেলেছিল অনেকেই। হ্যাম্পশায়ারের সঙ্গে ১০ বছরের বন্ধন ছিঁড়ে এ মৌসুমে সারেতে নাম লিখিয়েছিলেন ট্রেমলেট। নটিংহ্যামশায়ারের সঙ্গে আট বছরের সম্পর্ক ছিঁড়ে সাসেক্সে পানেসার। নতুন কাউন্টির হয়েই দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে দুজন আবার ঢুকে গেলেন জাতীয় দলে। ইংল্যান্ডের ১৬ সদস্যের অ্যাশেজ দলে সুযোগ পেয়েছেন পানেসার ও ট্রেমলেট।সদ্যসমাপ্ত মৌসুমে ২০.১৮ গড়ে ৪৮ উইকেট নিয়েছেন ট্রেমলেট। ৬ ফুট ৭ ইঞ্চি লম্বা পেসার ৩ টেস্টের সর্বশেষটি খেলেছেন ২০০৭-এর আগস্টে, ৯ ওয়ানডের শেষটি ২০০৮-এর জুলাইয়ে। ট্রেমলেটকে জায়গা দিতে বাদ পড়েছেন আজমল শাহজাদ। লড়াইটা আরও কঠিন ছিল পানেসারের। নির্বাচকদের দৃষ্টিসীমায় ছিলেন এ মৌসুমে ৭৩২ রানের পাশে ৫৭ উইকেট পাওয়া তরুণ লেগ স্পিনার আদিল রশিদ, বাংলাদেশ সফরে টেস্ট অভিষেকে ৬ উইকেট নেওয়া জেমস ট্রেডওয়েল ও টিনএজ বাঁহাতি স্পিনার ড্যানি ব্রিগস। তবে এ মৌসুমে পাওয়া ৫২ উইকেটের সঙ্গে অভিজ্ঞতার বিবেচনায় জয় হয়েছে পানেসারেরই। গত বছর অ্যাশেজের প্রথম টেস্টটা ছিল পানেসারের সর্বশেষ টেস্ট, কার্ডিফের যে টেস্টে জেমস অ্যান্ডারসনের সঙ্গে পানেসারের শেষ উইকেট জুটির বীরত্বে ড্র করেছিল ইংল্যান্ড। সেরা একাদশে অবশ্য জায়গা হবে না দুজনের কারও। পানেসার দলের দ্বিতীয় স্পিনার, ট্রেমলেট পঞ্চম পেসার। ওয়ানডের পারফরম্যান্সে দ্বিতীয় উইকেটরক্ষক হিসেবে ঢুকেছেন স্টিভ ডেভিস। ওয়েবসাইট।