অ্যাশেজের আগুন কই!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছয় মাসের মধ্যে দুটি অ্যাশেজ, দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল মুখোমুখি হবে ১০ বার! ২০১১ সালের জানুয়ারিতে যখন সূচি ঘোষিত হয়েছিল, চোখ কপালে উঠে গিয়েছিল অনেকের। অ্যাশেজ ক্রিকেটের সবচেয়ে কাঙ্ক্ষিত লড়াইগুলোর একটি হতে পারে, কিন্তু অতিভোজনে যে অমৃতেও অরুচি হয়! সর্বশেষ এমন পিঠোপিঠি অ্যাশেজ হয়েছিল সেই ১৯৭৪-৭৫ সালে। কিন্তু অস্ট্রেলিয়ায় ২০১৫ বিশ্বকাপ আয়োজন মাথায় রেখে পিঠোপিঠি সিরিজ না করে উপায়ও ছিল না আয়োজকদের।মাঝে আর দুটি দিন। পিঠোপিঠি সিরিজের প্রথমটি শুরু হয়ে যাচ্ছে বুধবার, টেন্টব্রিজে। তবে শেন ওয়ার্নের দাবি, অ্যাশেজ শুরু হয়ে গেছে মাস খানেক আগেই! চ্যাম্পিয়নস ট্রফিতে দুই দলের সাক্ষাৎ দিয়েই। এবং লড়াইয়ে অনেকটা এগিয়েও গেছে ইংল্যান্ড। ওই ম্যাচটি সহজে জিতেছে বলেই শুধু নয়, ম্যাচের প্রথম বলেই মিচেল স্টার্ক যখন হজম করলেন ৪! প্রথম বল লেগ স্টাম্পে হাফভলি, পুরো ওভারে ছিল না আক্রমণাত্মক মানসিকতার ঝাঁজ। ওয়ার্নের সময়ের অস্ট্রেলিয়া ব্যাটিং-বোলিংয়ের পাশাপাশি শারীরিক ভাষাতেও গুঁড়িয়ে দিতে চাইত প্রতিপক্ষকে। ওই প্রথম ওভারেই স্টার্ক যেন আক্রমণের বার্তা পৌঁছে দেন প্রতিপক্ষ শিবিরে, এই ছিল ওয়ার্নের চাওয়া। হয়েছে উল্টো। কিংবদন্তি লেগ স্পিনার তাই যথেষ্টই খেপেছেন। স্টার্কের ওই ওভারটিকে বলছেন ‘পাউডার পাফ!’ওয়ার্নদের কাছে আক্রমণাত্মক মানসিকতার অন্যতম অনুষঙ্গ স্লেজিং। উত্তরসূরিদের তাই পরামর্শ দিয়েছেন, স্লেজিং অস্ত্রের জুতসই ব্যবহার করতে, তবে সীমা লঙ্ঘন না করে। তবে স্লেজিংয়ের লড়াই কতটা জমবে, এটা নিয়ে সন্দিহান ওয়ার্ন নিজেই। অ্যাশেজ ইতিহাসের সর্বোচ্চ উইকেটশিকারির (১৯৫) আশঙ্কা, ‘অতি ঈর্ষাপরায়ণ আম্পায়াররা স্লেজিংয়ের স্রোতে বাঁধ দিয়ে বর্ণহীন করে তুলবেন অ্যাশেজকে।’তবে বাস্তবতা হলো, ওয়ার্নের সংশয়ই সংশয়ের মধ্যে। স্লেজিংয়ের স্রোতে আম্পায়ারদের বাঁধ দেওয়া বহুদূর, প্রশ্ন বরং স্লেজিং আদৌ কতটা হবে। এই যে দরজায় কড়া নাড়ছে অ্যাশেজ, অথচ এখনো কথার লড়াইয়ের নামগন্ধ নেই। অস্ট্রেলিয়ার সোনালি সময়ে হলে হয়তো ইংল্যান্ডে পা রেখেই হোয়াইটওয়াশের ঘোষণা দিয়ে রাখতেন গ্লেন ম্যাকগ্রা। হেইডেন-ল্যাঙ্গারদের শরীরী ভাষা আর প্রতিটি কথায় ঠিকরে বেরোত প্রতিপক্ষকে গুঁড়িয়ে দেওয়ার আত্মবিশ্বাস।সেই সময় আর নেই। কথার লড়াইয়ে নামবে কী, নিজেদের সামলাতেই ব্যস্ত অস্ট্রেলিয়া। অ্যাশেজের মাত্র তিন সপ্তাহ আগে বরখাস্ত করা হয়েছে কোচকে। দায়িত্ব দেওয়া হয়েছে সাবেক অ্যাশেজজয়ী ড্যারেন লেম্যানকে। নির্বাচকের বাড়তি দায়িত্ব থেকে মুক্তি দেওয়া হয়েছে মাইকেল ক্লার্ককে। অ্যাশেজ শুরু পর্যন্ত বহিষ্কৃত আছেন বর্তমান দলের সেরা ওপেনার। নতুন কোচ এসে ঘোষণা দিয়েছেন প্রথম টেস্টে নতুন উদ্বোধনী জুটির—শেন ওয়াটসন ও ক্রিস রজার্স। সব মিলিয়ে অস্ট্রেলিয়া এবার অ্যাশেজের স্বীকৃত আন্ডারডগ। ইংলিশ সংবাদমাধ্যমে বলাবলি হচ্ছে, ইংল্যান্ড সফরে আসা সর্বকালের সবচেয়ে দুর্বল অস্ট্রেলিয়া দল!লেম্যান জমানার শুরুটায় অবশ্য আঁধার ফুঁড়ে খানিকটা আলোর রেখা দেখা যাচ্ছে। সমারসেট ও উস্টারশায়ারের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচে দারুণ করেছে অস্ট্রেলিয়া। বিশেষ করে মূল দুশ্চিন্তা যেটা নিয়ে, সেই ব্যাটিংটা হয়েছে দুর্দান্ত। রানের দেখা পেয়েছেন টপ ও মিডল-অর্ডারের সবাই। সাবেক ইংল্যান্ড অধিনায়ক মাইক গ্যাটিংয়ের ধারণা, আন্ডারডগ তকমাটাই শাপেবর হয়ে উঠতে পারে অস্ট্রেলিয়ার জন্য। গ্যাটিংই এমন এক ইতিহাসের সাক্ষী। ১৯৮৬ সালে যে দলটিকে নিয়ে অস্ট্রেলিয়ায় গিয়েছিলেন, সেটিকে বলা হচ্ছিল স্মরণকালের দুর্বলতম ইংল্যান্ড দল। অথচ গ্যাটিংয়ের দলই জিতেছিল অ্যাশেজ!গ্যাটিং তাই সতর্ক করে দিয়েছেন কুকদের, ‘অ্যাশেজের সবচেয়ে বড় ব্যাপার হলো, আগে থেকে বলা মুশকিল কী ঘটতে যাচ্ছে। লোকে যেমন বলে, দল প্রায়ই তার চেয়ে অনেক ভালো খেলে। নিজেদের ওপর বিশ্বাসটাই গুরুত্বপূর্ণ। ১৯৮৬ সালে আমি ও মিকি স্টুয়ার্ট (কোচ) দলে বিশ্বাসটা ছড়িয়ে দিতে পেরেছিলাম যে আমরা পারব। মাইকেল ক্লার্কও নিশ্চয়ই এমন কিছুই করবে।’নিরপেক্ষ ক্রিকেটপ্রেমীদেরও চাওয়াটা আসলে এমনই—জমজমাট একটি অ্যাশেজ, যা হয়ে থাকবে টেস্ট ক্রিকেটের বড় একটি বিজ্ঞাপন। ওয়েবসাইট।