অ্যাশেজের আগেই অ্যাশেজ-উত্তাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যে রকম যুদ্ধ-যুদ্ধ ভাব, কে বলবে অ্যাশেজ শুরু হতে এখনো ১৯ দিন বাকি! পিঠাপিঠি অ্যাশেজ বলে অনেক আগে থেকেই এবার আলোচনা তুঙ্গে। তার ওপর দুই দলের কাছেই এবারের সিরিজটা পাচ্ছে বাড়তি গুরুত্ব। অস্ট্রেলিয়ানদের কাছে এটা নিজেদের সম্ভ্রম রক্ষার মিশন। সর্বশেষ তিনটি অ্যাশেজেই হেরেছে অস্ট্রেলিয়া। ইংল্যান্ডের মাটিতে ৩-০ হারের লজ্জার স্মৃতিটা তো মাত্রই মাস তিনেকের। আউট জেনেও স্টুয়ার্ট ব্রডের সেই ‘না-হাঁটা’ কাণ্ড অসিদের মনের আগুন আরও বাড়িয়ে দিয়েছে। মাইকেল ক্লার্কের দল ঘরের মাঠে বদলা নিয়ে সেই আগুন নেভাতে চায়।
২১ নভেম্বর ব্রিসবেনে শুরু হবে প্রথম টেস্ট। মেলবোর্নে চতুর্থ টেস্টের শুরু ২৬ ডিসেম্বর থেকে। অথচ এরই মধ্যে মেলবোর্ন টেস্টের প্রথম দিনের টিকিট বিক্রি শেষ! অস্ট্রেলিয়ানদের উন্মাদনাটা এমনই যে মেলবোর্ন হয়তো দর্শক-রেকর্ড গড়তে যাচ্ছে। মেলবোর্নে টেস্টের একদিনে সর্বোচ্চ ৯০ হাজার ৮০০ দর্শক খেলা দেখেছিল ১৯৬০ সালে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। এক লাখ ধারণক্ষমতার স্টেডিয়ামে সংখ্যাটা এবার ছাড়িয়ে যাবে বলেই ধারণা ক্রিকেট অস্ট্রেলিয়ার।
১৮৮৪-১৮৯০ পর্যন্ত টানা সাতটি অ্যাশেজ জিতেছিল ইংল্যান্ড। ১২৩ বছর পর এবার তাদের সামনে টানা চারটি অ্যাশেজ জয়ের সুযোগ। অ্যালিস্টার কুকের দল অস্ট্রেলিয়ায় এসে নেমে পড়েছে মাঠেও। পরশু অস্ট্রেলিয়া চেয়ারম্যান একাদশের বিপক্ষে তিন দিনের ম্যাচ দিয়ে ইংলিশরা শুরু করেছে প্রস্তুতি। ওয়েবসাইট।