অ্যাশেজের প্রস্তুতি ক্ষতিগ্রস্ত করবে ভারত সফর: পন্টিং
বিশ্বকাপের আগের চারটি মাস দম ফেলারই সময় নেই অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের। অক্টোবরে ভারত সফরে দুটি টেস্ট ও তিনটি এক দিনের ম্যাচ খেলেই নভেম্বরে চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ টেস্টের অ্যাশেজ সিরিজে খেলতে নামতে হবে অসি ক্রিকেটারদের। এই উপমহাদেশে অনুষ্ঠেয় বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে ভারত সফরটা বেশ কাজে দেওয়ার কথা অসি ক্রিকেটারদের। তবে অধিনায়ক রিকি পন্টিং ভারত সফর নিয়ে মোটেই খুশি হতে পারছেন না। কারণ বিশ্বকাপের চেয়ে এই মুহূর্তে অ্যাশেজ সিরিজকেই বেশি প্রাধান্য দিচ্ছেন তিনি। আর ভারত সফরটা অ্যাশেজের প্রস্তুতিকে ক্ষতিগ্রস্তই করবে বলে তাঁর অভিমত।‘দি অস্ট্রেলিয়ান’ পত্রিকাকে দেওয়া এক সাক্ষাত্কারে পন্টিং বলেছেন, ‘যদি আমরা অ্যাশেজ সিরিজের জন্য সবচেয়ে ভালো প্রস্তুতিটা নিতে চাই, তাহলে সবচেয়ে ভালো হবে ভারতে দুটি টেস্ট না খেললে। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটটাই এমন যে, এখানে সবকিছু আপনার মনমতো হবে না।’তবে অধিনায়কের সঙ্গে একমত হতে পারছেন না মাইকেল হাসি। মূলত বিশ্বকাপের জন্য সহায়ক হবে মনে করলেও ভারত সফরটা অ্যাশেজের প্রস্তুতি হিসেবেও ভালো ফল দেবে বলে মনে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ার অন্যতম সেরা এই ব্যাটসম্যান। ভারতের স্পিন সহায়ক উইকেটে হরভজন সিংয়ের বল খেলার অভিজ্ঞতাটা অ্যাশেজে ইংলিশ স্পিনার গ্রায়েম সোয়ানকে খেলতে সহায়তা করবে বলে মনে করছেন হাসি।আগামী নভেম্বরের ২৫ তারিখ থেকে অস্ট্রেলিয়ায় শুরু হবে পাঁচ টেস্টের অ্যাসেজ সিরিজ। টাইমস অব ইন্ডিয়া