অ্যাশেজের সাতকাহন

আরও একটি অ্যাশেজ শেষ হয়ে গেল। ক্রিকেটের সবচেয়ে আদি দ্বৈরথ। অ্যাশেজ জন্ম দিয়েছে অসংখ্য গল্পগাথারও। আসুন জেনে নিই অ্যাশেজের সাতকাহন—
এক
১৮৮২-৮৩ আসর থেকে অ্যাশেজের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলেও মর্যাদাপূর্ণ এই দ্বৈরথের শুরু একেবারে ইতিহাসের প্রথম টেস্ট থেকেই। ১৮৭৭ সালে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত হওয়া সেই ম্যাচে অস্ট্রেলিয়া ইংল্যান্ডকে হারিয়ে দেয় ৪৫ রানে। ঠিক ১০০ বছর পূর্তিতে একই মাঠে অনুষ্ঠিত ৪৯তম অ্যাশেজের ম্যাচের ফলাফল? অস্ট্রেলিয়া ৪৫ রানে জয়ী!
দুই
বিপক্ষ দল ফলো-অনে পড়লে অস্ট্রেলিয়া অনেক সময়ই তাদের আবার ব্যাটিংয়ে পাঠায় না। আভিজাত্য এবং ক্রিকেটীয় চেতনার কারণে অস্ট্রেলিয়ার এই কৌশলের গুণগ্রাহীও কম নয়। তবে নিন্দুকেরা চাইলে খুঁজতে পারেন ‘অন্য কারণ’ও। ক্রিকেট ইতিহাসে ফলো-অনে পড়েও ফলো-অন করা দলটির ম্যাচ জেতার যে তিনটি নজির আছে তার প্রতিটিতেই পরাজিত দল অস্ট্রেলিয়া! এই তিনটি ঘটনার প্রথমটি ঘটে ১৮৯৪-এর অ্যাশেজের সিডনি টেস্টে। ফলো-অনে পড়েও ইংল্যান্ড বৃষ্টিভেজা পিচের সুবিধা নিয়ে দুই স্পিনার ববি পিল এবং জনি ব্রিগসের দুর্দান্ত বোলিংয়ে ম্যাচটি জিতে নেয় ১০ রানে।
তিন
অ্যাশেজের ইতিহাসে ট্রিপল সেঞ্চুরির সংখ্যা পাঁচটি। চারটিই অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানদের দখলে। বব সিম্পসন এবং বব কোপারের পাশাপাশি দুটি ট্রিপল সেঞ্চুরি হাঁকিয়েছিলেন স্যার ডন ব্র্যাডম্যান। ১৯৩৮ সালে করা লেন হাটনের ৩৬৪ রানই ইংরেজদের একমাত্র যক্ষের ধন।
চার
৬৮টি অ্যাশেজ সিরিজের ৩২০টি ম্যাচের ১৬২টি অস্ট্রেলিয়ায় এবং ১৫৮টি ইংল্যান্ডে অনুষ্ঠিত হয়েছে। এবারের সিরিজসহ অস্ট্রেলিয়া ৩২টি সিরিজ জিতে ইংল্যান্ডের চেয়ে একটি সিরিজে এগিয়ে আছে। বাকি পাঁচটি সিরিজ ড্র। সিরিজ জয়ের মতো ব্যক্তিগত রান এবং উইকেটেও অস্ট্রেলিয়াই এগিয়ে। ডন ব্র্যাডম্যান ৩৭ ম্যাচে ৮৯.৭৮ গড়ে পাঁচ হাজার ২০৮ রান নিয়ে আছেন সবার ওপরে। ৩১ ম্যাচে ২২.৩০ গড়ে ১৭২ উইকেট নিয়ে বোলিংয়ে সবার ওপরে শেন ওয়ার্ন।
পাঁচ
লেন হাটনের ৩৬৪ রানের ওপর ভর করে অ্যাশেজে এক ইনিংসে সর্বোচ্চ রান ইংল্যান্ডের, ৭ উইকেটে ৯০৩। ১৯৩৮-এর অ্যাশেজে ইংল্যান্ডের এক ইনিংস এবং ৫৭৮ রানের জয় আজও টেস্ট ক্রিকেটে সবচেয়ে বড় জয়। ১৯০২-এর অ্যাশেজে মাত্র ৩৬ রানে গুটিয়ে যাওয়া অ্যাশেজ এবং অস্ট্রেলিয়ার ক্রিকেট ইতিহাসের সবচেয়ে কম রানের দলীয় সংগ্রহ। অ্যাশেজে দলীয় এবং ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ড ইংল্যান্ডের দখলে থাকলেও পার্টনারশিপ রেকর্ড অস্ট্রেলিয়ার দখলে। ব্র্যাডম্যান এবং পন্সফোর্ডয়ের সেই জুটিতে আসে ৪৫১ রান। তবে ১৯৫৬-এর অ্যাশেজে ইংল্যান্ডের জিম লেকারের করা ইনিংসে ৫৩ রানে ১০ উইকেট এবং ম্যাচে ৯০ রানে ১৯ উইকেট কেবল ইংল্যান্ড বা অ্যাশেজ নয়, বরং ক্রিকেট ইতিহাসেরই সেরা বোলিং ফিগার।
ছয়
অ্যাশেজে আমরা যে ছোট্ট ভস্মাধারটি দেখি, সেটা ১৮৮২-এর অ্যাশেজ জয়ের পর ইংলিশ অধিনায়ক ব্লাইকে উপহার দেওয়া হয়েছিল। তবে তা কোনো অফিসিয়াল ট্রফি ছিল না। সেটা ছিল ব্যক্তিগতভাবে ব্লাইকে দেওয়া উপহার। ব্লাইয়ের মৃত্যুর পর তাঁর বিধবা স্ত্রী ১৯২৭ সালে তা এমসিসিকে দান করে দেন। ‘অস্ট্রেলিয়ান ক্রিকেটের ভস্ম’ বলে ইংল্যান্ডে নিয়ে এলে বলা হয়ে থাকে সেই ভস্মাধারে ছিল স্টাম্পের একটা বেলের ছাই। তবে যে দলই ট্রফিটি জিতুক না কেন, ভস্মাধারটি সাধারণত লর্ডসের এমসিসি জাদুঘরের বাইরে যায় না।
সাত
কুখ্যাত বডিলাইন! ১৯৩০-এর অ্যাশেজে ১৩৯.১৪ গড়ে ৯৭৪ রান করে ব্র্যাডম্যান একাই ইংরেজদের স্বপ্ন গুঁড়িয়ে দিয়ে অস্ট্রেলিয়াকে সিরিজ জেতান ২-১-এ। ১৯৩২-৩৩-এর পরের অ্যাশেজে ইংলিশরা ভালোভাবেই বুঝতে পারল ব্র্যাডম্যানকে থামানো আর অ্যাশেজ জয় একই সুতায় গাঁথা। ব্র্যাডম্যানকে থামানোর উপায় খুঁজতে গিয়েই ভদ্রলোকের খেলা ক্রিকেটে জন্ম নিল অভদ্র এক ইতিহাসের। বডিলাইনের সফল প্রয়োগে ইংল্যান্ড ফলও পায় হাতে হাতেই, সিরিজ জিতে নেয় ৪-১ এ।
সেই যে ১৮৮২ সালে শুরু হয়েছিল ‘কোয়েস্ট টু রিগেইন দ্য অ্যাশেজ’, তা আজও অব্যাহত। এবং শতাধিক বছর পেরিয়ে আজ তা পরিণত হয়েছে গোটা বিশ্বের ক্রীড়া ইতিহাসেরই এক অন্যতম প্রাচীন, ঐতিহ্যবাহী এবং মর্যাদার আসরে।