অ্যাসেজ জিততেই হবে অস্ট্রেলিয়াকে: শেন ওয়ার্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অ্যাসেজ সিরিজে পারফরমেন্সের বিচারে ইংল্যান্ডকেই ফেভারিট বলে স্বীকার করেছিলেন শেন ওয়ার্ন। শুধু ওয়ার্নই নন, অস্ট্রেলিয়ার অনেক সমর্থকও মনে করছেন, অনেক বছর পর এবার অস্ট্রেলিয়ার মাটি থেকে অ্যাসেজ সিরিজ জিতে নিয়ে যাওয়ার সুযোগ এসেছে ইংল্যান্ডের সামনে। তবে ইংল্যান্ডকে ফেভারিট মানলেও অস্ট্রেলিয়ান ক্রিকেটকে গভীর সংকটে পড়ার হাত থেকে রক্ষা করার জন্য অসিদের অবশ্যই অ্যাসেজ জিততে হবে বলে মন্তব্য করেছেন ওয়ার্ন। আর নিজ দেশের কন্ডিশন ভালোমতো জানা থাকায় পন্টিংবাহিনী কিছুটা বেশি সুবিধা পাবে বলে মনে করছেন অস্ট্রেলিয়ার এই স্পিন কিংবদন্তি। ওয়ার্ন সাংবাদিকদের বলেছেন, ‘অস্ট্রেলিয়া যদি এই সিরিজটা হারে, তাহলে তারা গভীর সংকটের মধ্যে পড়ে যাবে। অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা খুব ভালোমতোই জানে, তারা কী রকম ঝুঁকির মুখে আছে। আমি আশা করছি, শেষ পর্যন্ত অসিরা খুব ভালো ক্রিকেট খেলে সিরিজটা জিততে পারবে।’এদিকে ইংল্যান্ডের ভালো ফর্ম আর অস্ট্রেলিয়ার টলোমলো অবস্থা দেখে চরম খুশি ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ইয়ান বোথাম। ১৯৮৬/৮৭ সালে অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো ইংল্যান্ডের অ্যাসেজজয়ী দলের সদস্য ছিলেন বোথাম। আর এবার ইংল্যান্ডের সামনে আবার সেই দুর্লভ গৌরব অর্জনের সুযোগ এসেছে বলে মনে করছেন সাবেক এই ইংলিশ অলরাউন্ডার। প্রথম টেস্টের জন্য অস্ট্রেলিয়ার নির্বাচকদের ১৭ সদস্যের দল ঘোষণা করায় নিজের বিস্ময় চেপে রাখতে পারেননি তিনি। বলেছেন, ‘টেস্টের জন্য অস্ট্রেলিয়াকে ১৭ সদস্যের দল ঘোষণা করতে আমি আগে কখনো দেখিনি। মনে হচ্ছে, তারা কী করছে সে সম্পর্কে তাদের নিজেদেরই কোনো ধারণা নেই। এটা খুবই অ-অস্ট্রেলীয়সুলভ আচরণ। আমার মনে হয়, তারা খুবই বিশৃঙ্খল আর দ্বিধা-দ্বন্দ্বের মধ্যে আছে। আর এটা দেখে আমি খুবই খুশি।’আগামী ২৫ নভেম্বর থেকে ব্রিসবেনে শুরু হবে অ্যাসেজ সিরিজের প্রথম টেস্ট। —রয়টার্স