অ্যাসেজ সিরিজে থাকছেন জেমস অ্যান্ডারসন
আর এক মাস পরই অ্যাসেজ সিরিজে গৌরবের লড়াইয়ে মুখোমুখি হতে যাচ্ছে ইংল্যান্ড আর অস্ট্রেলিয়া। কিন্তু ইংল্যান্ডের প্রধান বোলার জেমস অ্যান্ডারসনের ইনজুরির কারণে দুশ্চিন্তায় ছিল ইংল্যান্ড শিবির। তবে গতকাল ইংল্যান্ড সমর্থকদের সুখবর দিয়েছেন কোচ অ্যান্ডি ফ্লাওয়ার। অ্যান্ডারসন খুব দ্রুতই সেরে উঠছেন এবং অ্যাসেজ সিরিজে দলে থাকতে পারবেন বলে জানিয়েছেন ফ্লাওয়ার।অ্যাসেজ প্রস্তুতির অংশ হিসেবে গত মাসে জার্মানিতে এক বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করেছিল ইংল্যান্ড। সে সময় এক সতীর্থের সঙ্গে বক্সিং খেলতে গিয়ে পাঁজরে আঘাত পান অ্যান্ডারসন। জার্মানিতে ইংল্যান্ডের ব্যতিক্রমধর্মী এই অনুশীলন অনেক জায়গা থেকে সমালোচনার মুখে পড়লেও অ্যান্ডি ফ্লাওয়ার সেগুলোতে কান দিচ্ছেন না। তিনি এটাকে খুবই ভালো একটা অভিজ্ঞতা হিসেবে বিবেচনা করছেন।ইংল্যান্ড সমর্থকদের আরেক দুশ্চিন্তার নাম কেভিন পিটারসন। বেশ কিছুদিন ধরেই নিষ্প্রভ হয়ে আছেন এই ইংলিশ ওপেনার। গত বছরের মার্চের পর থেকে আর কোনো টেস্ট সেঞ্চুরির দেখা পাননি পিটারসন। কিন্তু পিটারসনের ফর্ম নিয়েও খুব একটা চিন্তিত নন ইংল্যান্ড কোচ। অ্যাসেজ সিরিজে পিটারসন আবার নিজেকে খুঁজে পাবেন বলে আশা করছেন ফ্লাওয়ার। বিবিসি অনলাইন