আঁধার সরিয়ে আলোয় চেলসি
স্ট্যামফোর্ড ব্রিজে এখন উৎসবের ধুম, যেন বিয়েবাড়ি। এফএ কাপের শিরোপা জয়ের আনন্দে স্ট্যামফোর্ড ব্রিজ নাচছে। আবার এরই মধ্যে স্বপ্নের ডালা সাজাচ্ছে আরেকটি উৎসবের। ১৯ মে যদি চ্যাম্পিয়নস লিগটাও জেতা যায়! অথচ দুই মাস আগেও পশ্চিম লন্ডনের ক্লাবটি ছিল হতাশায় নিমজ্জিত এক অন্ধকার-পুরী। চেলসিকে মনে হচ্ছিল মধ্যসাগরে দিকহারা নাবিকবিহীন এক জাহাজ। সেই চেলসির সামনেই এখন ‘ডাবল’ জয়ের হাতছানি। পরশু ওয়েম্বলির ফাইনালে লিভারপুলকে হারিয়ে এফএ কাপের শিরোপা ঘরে তুলেছে চেলসি। সর্বশেষ ছয় মৌসুমে এফএ কাপে এটা তাদের চতুর্থ শিরোপা। সব মিলিয়ে সপ্তম।আগামী ১৯ মে বায়ার্ন মিউনিখকে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগ শিরোপা জিততে পারলে চেলসি ভাসবে ‘ডাবল’ জয়ের আনন্দে। মাত্র দুই মাসের মধ্যে চেলসির খোলনলচে এভাবে পাল্টে যাওয়ার রহস্য? রবার্তো ডি মাত্তেও। হ্যাঁ, মার্চে আন্দ্রে ভিলাস-বোয়াসকে বরখাস্ত করে এই ইতালিয়ানকে অন্তর্বর্তী কোচের দায়িত্ব দেওয়ার পর থেকেই রূপকথার মতো বদলে গেছে চেলসির মাঠের পারফরম্যান্স। বার্সেলোনাকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ওঠা চেলসি এবার জিতে নিল এফএ কাপও।এই সাফল্যে ক্রমেই জোরালো হচ্ছে ডি মাত্তেওকেই স্থায়ী কোচ হিসেবে রেখে দেওয়ার দাবি। বাইরের দাবিটা এখন চেলসির ঘরেরও দাবি। পরশু শিরোপা জয়ের আনন্দ মুহূর্তেই যেমন অধিনায়ক জন টেরি ক্লাব-মালিকের প্রতি স্পষ্ট আহ্বান জানালেন, রেখে দেওয়া হোক ডি মাত্তেওকে, ‘এফএ কাপে আমরা কঠোর লড়াই করেছি। দলের সমন্বয়টা ছিল অবিশ্বাস্য। আর এর পুরো কৃতিত্ব রোবির (মাত্তেও)। সে অসাধারণ। সিদ্ধান্তটা বোর্ডই নেবে। তবে আমরা আশাবাদী, এই জয় বোর্ডের সিদ্ধান্ত নেওয়ার কাজটি সহজ করে দেবে।’ আর দ্রগবাকে নিয়ে তাঁর কথা, ‘বড় খেলোয়াড়েরা বড় উপলক্ষেই জ্বলে ওঠে। দিদিয়েরও তাই করেছে।’টেরি আশাবাদী স্ট্যামফোর্ড ব্রিজে থেকে যাবেন দিদিয়ের দ্রগবাও। পরশু রামিরেস আর এই দ্রগবার গোলেই লিভারপুলকে ২-১ গোলে হারিয়েছে চেলসি। গোলটি করেই ইতিহাসে ঢুকে পড়েছেন আইভরিয়ান তারকা। এ নিয়ে এফএ কাপের চার ফাইনালে গোল করলেন দ্রগবা। ২০০৭, ২০০৯ ও ২০১০ সালের পর এবার। চারবারই শিরোপা হয়েছে চেলসির। শুধু তা-ই নয়, এ নিয়ে ওয়েম্বলিতে আট ম্যাচ খেলে আটটিতেই গোল করলেন দ্রগবা।রেকর্ড গড়েছেন টেরি, ডিফেন্ডার অ্যাশলি কোলও। টেরিই প্রথম একই ক্লাবকে চারবার এফএ কাপ জেতালেন অধিনায়ক হিসেবে। কোল ফুটবল ইতিহাসের সবচেয়ে পুরোনো টুর্নামেন্টের শিরোপা জিতলেন রেকর্ড সপ্তমবারের মতো! কোচ ডি মাত্তেও গড়েছেন একই ক্লাবের হয়ে খেলোয়াড় এবং কোচ দুই ভূমিকাতেই শিরোপা জয়ের বিরল কীর্তি। খেলোয়াড় হিসেবে চেলসিতে এফএ কাপ জিতেছেন ১৯৯৭ ও ২০০০ সালে। এবার জিতলেন কোচ হিসেবে। ৪১ বছর বয়সী ইতালিয়ান তাই উচ্ছ্বসিত, ‘আমার মনে হয় না খুব বেশি মানুষ এই সুযোগটা পেয়েছে। এই ক্লাবের হয়ে খেলার এবং ট্রফি জেতার সৌভাগ্য হলো আমার। এখন আমি দলটির কোচ হিসেবে জয়ে নেতৃত্ব দিলাম। এটা বিশেষ কিছু। কারণ এমনটা সবসময় ঘটে না।’ এএফপি।