আইএফএ শিল্ডে লাল-সবুজের প্রতিনিধি
টুর্নামেন্টটি যখন শুরু হয়, তার মাত্র কয়েক দশক আগে ভারতে শেষ হয়েছে ১০০ বছরের ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন। ভারত অবশ্য তখনো ব্রিটিশ সাম্রাজ্যেরই একটি উপনিবেশ। মাত্র কয়েক দশক আগে ভারতে শুরু হয়েছে রেল যোগাযোগ। কলকাতা ও ডায়মন্ড হারবারের মধ্যে প্রথমবারের মতো বসেছে টেলিগ্রাফের খুঁটি। কলকাতা ও মুম্বাইয়ের মতো বড় শহরে মাত্র আসতে শুরু করেছে বিদ্যুতের সংযোগ।
ফুটবল বিশ্বকাপ নিয়ে তখনো ভাবনা শুরু হয়নি, আন্তর্জাতিক ফুটবলও ছিল দৈবাত্ এক বিষয়। এমনই একটা সময়ে ১৮৯৩ সালে যাত্রা শুরু করেছিল আইএফএ শিল্ড। ফুটবলের ইতিহাসে এটি চতুর্থ প্রাচীনতম টুর্নামেন্ট। এর আগে ফুটবলের টুর্নামেন্ট ছিল মাত্র তিনটি। ইংলিশ ও স্কটিশ এফএ কাপ এবং ভারতেই ১৮৮৮ সালে শুরু হওয়া ডুরান্ড কাপ। শতাব্দীপ্রাচীন ঐতিহ্য বুকে ধারণ করা সেই গৌরবের একটি টুর্নামেন্টে শিরোপা জয়ের একদম হাতছোঁয়া দূরত্বে বাংলাদেশের একটি দল—শেখ জামাল ধানমন্ডি ক্লাব!
ভারতের ক্লাবগুলোর জন্য এই টুর্নামেন্টটি মর্যাদার লড়াই। প্রায় প্রতিবছরই এই টুর্নামেন্টে ভারতের বাইরে থেকে কোনো না কোনো দলকে আমন্ত্রণ জানানো হয়। অধিকাংশ সময় ভারতের ক্লাবগুলোর কাছে বাইরের দলগুলো পাত্তা পেত না। বিশেষত টুর্নামেন্টে শুরুর সময় থেকে রাজত্ব করে আসছে দুটো ক্লাব—ইস্ট বেঙ্গল ও মোহনবাগান। ১৯১১ সালে প্রথম ভারতীয় ক্লাব হিসেবে এই টুর্নামেন্ট জেতা ইস্ট বেঙ্গল এখন পর্যন্ত ৩০ বার ঘরে তুলেছে আইএফএ শিল্ডের ট্রফি।
স্বাধীনতার পর থেকে এই টুর্নামেন্টে বাংলাদেশ থেকে কোনো না কোনো ক্লাব অংশ নিত। শুরুর দিকে বাংলাদেশের কোনো ক্লাবই তেমন সাফল্য পায়নি। বরং বেশ কিছু ম্যাচে মোহনবাগান-ইস্ট বেঙ্গলের কাছে বড় ব্যবধানে হারতে হয়েছিল। ১৯৯৫ সালে ঢাকা মোহামেডান প্রথম আইএফএ শিল্ডের ফাইনালে উঠতে সক্ষম হয়। ফাইনালে দীর্ঘ সময় ১-০ গোলে এগিয়ে থেকেও দ্বিতীয়ার্ধে গোল হজম করে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ইস্ট বেঙ্গলের কাছে হেরেছিল টাইব্রেকারে।
তার পর থেকে বাংলাদেশের ক্লাবগুলোর জন্য ২০১৩ সাল পর্যন্ত এই টুর্নামেন্ট ছিল শুধুই আসা-যাওয়ার। কিন্তু ২০১৪ সালে এই ধারা ভেঙে দিল শেখ জামাল ধানমন্ডি ক্লাব। সেমিফাইনালে টুর্নামেন্টের সবচেয়ে ফেবারিট ইস্ট বেঙ্গলকে ৩-০ গোলে উড়িয়ে দেওয়ার পর শেখ জামাল শিরোপার সিঁড়ি থেকে মাত্র এক ধাপ দূরে।
অথচ মজার ব্যাপার হলো, ভিসা জটিলতার কারণে তাদের ভারতে যাওয়াই ছিল অনিশ্চিত। কলকাতায় পৌঁছানোর পরও নানা সমস্যার মুখোমুখি হতে হয়েছিল শেখ জামালকে। সব বাধার দেয়াল ডিঙিয়েই আজ তারা ফাইনালে। আর এই যাত্রাপথে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল—ভারতের সবচেয়ে ঐতিহ্যবাহী দুটো দলকেই তারা হারিয়েছে।
আজ কলকাতার আরেক বড় শক্তি মোহামেডান তাদের প্রতিপক্ষ। শেষ বাধাটা পেরোতে পারলেই ইতিহাস। কারণ, এই টুর্নামেন্টে খেলে গেছে জার্মানির বায়ার্ন মিউনিখ, দক্ষিণ আফ্রিকার সান্তোস, ব্রাজিলের পালমেইরাস, ইউক্রেনের শাখতার দোনেত্স্ক, উরুগুয়ের পেনারনের মতো ক্লাব।