আইএম স্বীকৃতি পেতে মিনহাজের ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক মাস্টার (আইএম) হওয়ার শেষ নর্মটা পূরণ করেছিলেন গত ডিসেম্বরে, জাতীয় দাবায়। এরই মধ্যে দাবার সর্বোচ্চ সংস্থা ফিদে থেকে আইএম হওয়ার স্বীকৃতিপত্রও পেয়ে যাওয়ার কথা ছিল মিনহাজউদ্দিন আহমেদের (সাগর)। কিন্তু মিনহাজের অভিযোগ, ফেডারেশনের সাধারণ সম্পাদক মোকাদ্দেস হোসাইনের অজ্ঞানতার কারণেই আরও অপেক্ষা করতে হচ্ছে তাঁকে।আইএমের কাগজে-কলমে স্বীকৃতি পেতে তিনটি নর্মের সার্টিফিকেটই ফিদেতে পাঠানোর নিয়ম। কিন্তু মোকাদ্দেস হোসাইন নাকি পাঠান মাত্র একটি! গত ৫ ফেব্রুয়ারি ফিদের নির্বাহী কমিটির সভা শেষ হলেও তাই এখন পর্যন্ত তাঁর স্বীকৃতিপত্র আসেনি ফেডারেশনে। আইএম নর্ম পেতে আইটি (ইন্টারন্যাশনাল টাইটেল) ফর্মের প্রতিটির সঙ্গে সংযুক্ত করতে হয় সংশ্লিষ্ট টুর্নামেন্টের নর্ম হওয়ার কাগজপত্র। কিন্তু ঢাকায় ২০০৮ সালে হওয়া মিনহাজের প্রথম নর্মের কাগজপত্র খুঁজে পাওয়া যাচ্ছে না। তবে ভারতের ভাইজাগ টুর্নামেন্টে গত বছর হওয়া দ্বিতীয় নর্ম এবং গত ডিসেম্বরের তৃতীয় নর্মের আনুষঙ্গিক কাগজপত্র রয়েছে। মোকাদ্দেস হোসাইন অবশ্য নিজের অনভিজ্ঞতার কথা অস্বীকার করে বলেছেন, ‘আসল সমস্যা হয়েছে প্রথম নর্মের সময়ের কাগজ খুঁজে না পাওয়ায়। ওই সময় আমি দায়িত্বে ছিলাম না। তবে তখনকার কমিটির আরবিটার হারুনুর রশীদকে খবর দেওয়া হয়েছে। তিনি এসে হয়তো ওই কাগজ উদ্ধার করতে পারবেন। আশা করি, আগামী সপ্তাহেই আমরা ফিদেতে প্রয়োজনীয় কাগজ পাঠাতে পারব।’ আইএমের আনুষ্ঠানিক স্বীকৃতি না পাওয়ায় হতাশ মিনহাজ, ‘আমার কাজ খেলা। আর অফিশিয়াল কাজের দায়িত্ব ফেডারেশনের। ভারতে নর্ম পাওয়ার পরপরই পুরস্কার ও নর্মের কাগজ হাতে পেয়েছিলাম। কিন্তু এখানে নিজে উদ্যোগী হয়ে আরবিটারকে ফোন করে তবেই সবকিছু তৈরি করতে হয়েছে।’ আইএমের আনুষ্ঠানিক স্বীকৃতি পেলে যেকোনো আন্তর্জাতিক টুর্নামেন্টে বিনা খরচে খেলতে পারে সেই দাবাড়ু—সুযোগটা পেতে এখন হয়তো আরও মাস চারেক অপেক্ষায় থাকতে হবে মিনহাজকে।