আইনি পথ খুঁজছেন বালাকরা
ষড়যন্ত্র-তত্ত্বটা তাহলে ভালোই হইচই ফেলে দিল! জার্মান-সমর্থকেরা তো বটেই, খোদ মাইকেল বালাকের এজেন্ট পর্যন্ত মনে করছেন, বালাককে বিশ্বকাপ থেকে ছিটকে ফেলার জন্যই তাঁকে আঘাত করেছেন কেভিন-প্রিন্স বোয়াটেং।বোয়াটেং গতকাল পর্যন্ত তিনবার তাঁর কাজের ক্ষমা চাইলেও বালাকের কাছ থেকে ইতিবাচক কোনো উত্তর মেলেনি। বরং ঘানাইয়ান মিডফিল্ডারের বিপক্ষে আইনি ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিয়েছেন বালাকের এজেন্ট।ঘটনার সূত্রপাত এফএ কাপের ফাইনালে চেলসি-পোর্টসমাউথ ম্যাচে। ম্যাচ চলাকালীন পোর্টসমাউথ মিডফিল্ডার বোয়াটেংয়ের ট্যাকলে গোড়ালির ইনজুরিতে পড়ে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন মাইকেল বালাক। জার্মানিতে জন্ম নেওয়া, সেখানেই ফুটবল ক্যারিয়ার শুরু করা বোয়াটেং জার্মানির বিশ্বকাপ গ্রুপসঙ্গী ঘানার খেলোয়াড়। এ জন্যই জার্মান সমর্থকদের ধারণা, বোয়াটেং ইচ্ছে করে আহত করেছেন বালাককে।এই অভিযোগ কানে গেছে বোয়াটেংয়েরও। তিনি অভিযোগ অস্বীকার করার পাশাপাশি বালাকের কাছে ক্ষমা চেয়েছেন খারাপ ধরনের ফাউল করার জন্য, ‘আমি এখন শুধু ক্ষমাই চাইতে পারি। (ট্যাকল করতে) খুব দেরি করে ফেলেছিলাম। ফলে সরাসরি পায়ে লেগেছে। এটা দেখতে একেবারেই জঘন্য লাগছে। আমি মাঠেই তার কাছে দুবার ক্ষমা চেয়েছি। আবারও ক্ষমা চাচ্ছি—আমি দুঃখিত। আমি ইচ্ছে করে আঘাত করিনি।’কিন্তু বালাক এই ক্ষমাপ্রার্থনায় কান দিচ্ছেন বলে মনে হচ্ছে না। তিনি আবারও ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন, ‘অবশ্যই রেগে আছি। এটা তো খুবই হতাশাজনক। এ নিয়ে আর কথা বলতে চাই না।’বালাক আর কথা বলতে না চাইলেও তাঁর এজেন্ট মাইকেল বেকার ইঙ্গিত দিয়েছেন, তাঁরা এই ‘ইচ্ছাকৃত’ আঘাতের প্রতিকার চাইতে আদালতে যেতে পারেন, ‘প্রত্যেকটি সমর্থক দেখেছে, বোয়াটেং কী করেছে। একেবারেই পূর্বনির্ধারিত একটা আক্রমণ করেছে সে। একজন লোক ইচ্ছে করে আরেকজনকে আহত করবে, এটা হতে পারে না। বোয়াটেং যেন মনে না করে যে ফুটবল মাঠ তো আইনের বাইরে।’ওদিকে যখন বালাকের ইনজুরি নিয়ে কথার লড়াই হচ্ছে, জোয়াকিম লো তখন কপাল চাপড়াচ্ছেন। ষড়যন্ত্র হোক আর দুর্ঘটনা; কপাল তো তাঁরই পুড়ল। তার পরও লো সামনে তাকাতে চাইছেন। ভুলতে চাইছেন বালাককে হারানো এই দুর্ঘটনার কথা, ‘এটা তো পরিষ্কার যে বালাককে ছাড়া বিশ্বকাপে যাওয়া খুব শক্ত একটা কাজ। তার পরও আমরা লক্ষ্যে পৌঁছাতে চাই।’অবশ্য লো চাইলেও এই দুর্ঘটনার কথা ভুলতে পারছেন না। ভুলতে দিচ্ছে না, তাঁর প্রাথমিক বিশ্বকাপ দলে কেভিন-প্রিন্স বোয়াটেংয়ের ভাই জেরোম বোয়াটেংয়ের উপস্থিতি।জার্মান সমর্থকেরা কেভিন বোয়াটেংকে হাতের কাছে না পেয়ে রাগ ঝাড়ছেন তাঁর ভাই জেরোমের ওপর। অনেকে জেরোমকে জার্মানির বিশ্বকাপ দল থেকে বাদ দেওয়ারও দাবি তুলেছেন। এ অবস্থায় জার্মান সমর্থকদের শান্ত থাকতে আহ্বান জানিয়েছেন কোচ লো, ‘আমি সবাইকে বলছি, জেরোমকে লক্ষ্য বানাবেন না। আমি ওকে বলেছি, আমরা কোনো রকম সংকীর্ণতা ছাড়াই তার পেছনে আছি। অবশ্যই তারা এক পরিবারের সদস্য। কিন্তু সে (জেরোম) তো এ ব্যাপারে কোনোভাবেই জড়িত না। আমি সবাইকে আবারও অনুরোধ করছি, এই ঘটনা নিয়ে আর খোঁচাখুঁচি করবেন না।’লোকেরা কি কথা শুনবে? এএফপি।