আইনি ব্যবস্থা নিচ্ছেন কেয়ার্নস-টাফি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনেক দিন ধরেই অস্ট্রেলিয়াপ্রবাসী ড্যারিল টাফি। ফলে অন্য দুজনের চেয়ে কিছুটা হলেও দেরিতে খবরটা পেয়েছেন সাবেক নিউজিল্যান্ড পেসার। তবে ম্যাচ পাতানোর সন্দেহে তাঁর বিরুদ্ধে তদন্ত হচ্ছে জেনে টাফি তো মহাবিস্মিত।
আগের দিন একই রকম প্রতিক্রিয়া দেখিয়েছেন ক্রিস কেয়ার্নসও। আতশি কাচের তলের অন্য কিউই ক্রিকেটার লু ভিনসেন্ট অবশ্য স্বীকার করেছেন, তদন্তের বিষয়টি আগে থেকেই জানতেন। তাঁর দাবি, তিনি আইসিসির দুর্নীতি দমন ও নিরাপত্তা ইউনিটকে (আকসু) ‘সহযোগিতা’ করছেন।
এই তিন ক্রিকেটারের বিষয়ে তদন্ত হচ্ছে—পরশু এমন খবর ছেপে আলোড়ন তুলেছে নিউজিল্যান্ড হেরাল্ড। কারও নাম প্রকাশ না করলেও তদন্তের বিষয়টি যে সত্যি সেটা পরে বিবৃতি দিয়েই স্বীকার করেছে আইসিসি ও নিউজিল্যান্ড ক্রিকেট। তবে জড়িত থাকা তো দূরের কথা, খবরটা শুনেই নাকি তাজ্জব টাফি, ‘পুরো বিষয়টি নিয়েই আমি অন্ধকারে আছি। এই ধরনের অভিযোগে আমি বিস্মিত।’ সিডনি থেকে নিউজিল্যান্ড টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে টাফি বলেছেন, ‘হঠাৎ করেই আমি অনেক ফোন পাওয়া শুরু করলাম, সবাই আমাকে জিজ্ঞেস করছে, কী হয়েছে? আমিও বুঝতে পারছিলাম না কী হয়েছে!’ খুব শিগগির এ বিষয়ে আইনি ব্যবস্থা নেবেন বলেও জানিয়েছেন টাফি, ‘যেভাবেই হোক আমার নাম জড়ানো হয়েছে। আমার জানা দরকার কী হয়েছে। আমি আইনি প্রক্রিয়া শুরু করছি, এর আগ পর্যন্ত আর কিছু বলতে চাই না।’
টাফি আইনি প্রক্রিয়া শুরু করতে যাচ্ছেন, ওদিকে এরই মধ্যে ক্রিস কেয়ার্নসের পাশে এসে দাঁড়িয়েছেন তাঁর আইনজীবী। কেয়ার্নসের বিরুদ্ধে আগেও ফিক্সিংয়ের অভিযোগ তোলেন আইপিএলের সাবেক চেয়ারম্যান ললিত মোদি। এ নিয়ে গত বছর লন্ডনের কোর্টে মোদির বিরুদ্ধে মানহানি মামলা করে জিতেও যান কেয়ার্নস। এর পরও আবার তাঁর দিকে সন্দেহের তির ছুটে আসায় ক্ষুব্ধ কেয়ার্নসের আইনজীবী অ্যান্ড্রু ফিচ-হল্যান্ড, ‘আমি বিশ্বাস করতে পারছি না এসব ফালতু কথা আবার বলা হচ্ছে। বিশেষ করে চার মাস ধরে তদন্ত চলার ব্যাপারটা যদি সত্যি হয়। ও আর কী করবে নিজেকে নির্দোষ প্রমাণ করতে? এই পাগলামি কবে বন্ধ হবে? এই মুহূর্তে অস্বীকার করার মতো কিছু নেই কারণ তাঁর বিরুদ্ধে কোনো অভিযোগ ওঠেনি।’ অনর্থক কেয়ার্নসের নাম জড়ানোর জন্য আইসিসি ও সংবাদমাধ্যমের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুমকিও দিলেন ফিচ-হল্যান্ড, ‘এখন পর্যন্ত আইসিসির পক্ষ থেকে কেয়ার্নসের সঙ্গে যোগাযোগ করা হয়নি। তবে এবার ওরা কেয়ার্নসের পক্ষ থেকে চিঠি পাবে। ইংল্যান্ডের ডেইলি মেইলও একই চিঠি পাবে কারণ ওরা তিনজনের নাম প্রকাশ করেছিল। ললিত মোদিও পাবেন, তাঁকে মনে করিয়ে দেওয়া দরকার এ বিষয়ে তাঁর কথা বলার ওপর নিষেধাজ্ঞা আছে।’ এএফপি।